Don't Miss
Home / অর্থনীতি / জাতীয় সংসদের জন্য প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন
বাজেট

জাতীয় সংসদের জন্য প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন

এমএনএ অর্থনীতি ডেস্কঃ জাতীয় সংসদের জন্য আগামী ২০২২-২০২৩ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৪১ কোটি ৮৯ লাখ টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এতে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ অংশ নেন।

এছাড়া, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন।

বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২১-২০২২ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে ৩১৬ কোটি ১ লাখ ৮ হাজার টাকা, ২২-২৩ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৪১ কোটি ৮৯ লাখ টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন, ২৩-২৪ অর্থবছরে ৩৬৫ কোটি ৮২লাখ টাকা, ২৪-২৫ অর্থবছরে ৩৯১ কোটি ৪৩ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

এদিন বৈঠকের শুরুতে বিগত ৩২তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা হয়।

বৈঠকে আলোচ্য সূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...