Don't Miss
Home / আজকের সংবাদ / জাপানের জলসীমায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

জাপানের জলসীমায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : জাতিসংঘের নিষেধাজ্ঞা ভেঙে ফের চারটি ব‌্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া; যার মধ‌্যে তিনটি জাপানের জলসীমায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এসে পড়েছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে বর্ণনা করেছেন উত্তর কোরিয়ার ‘হুমকির নতুন মাত্রা’ হিসেবে। এই পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক আহ্বান করেন।

দক্ষিণ কোরিয়ার একজন সেনা কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় আজ সোমবার সকাল ৭টা ৩৬ মিনিটে চীন সীমান্ত সংলগ্ন তংচ‌্যাং-রি এলাকা থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। তবে সেগুলো কী ধরনের ওয়ারহেড বহন করছিল, তা জানা যায়নি।

উত্তর কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, চীন সীমান্তের দক্ষিণ দিকের ‘তঙচাঙ-রি’ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র চারটি ছোঁড়া হয়।

এর আগে গত বৃহস্পতিবারও জাপান সাগর লক্ষ্য করে স্বল্পপাল্লার বেশ কয়েকটি রকেট ছুড়েছিল উত্তর কোরিয়া।

আজ সোমবার তিনটি ক্ষেপণাস্ত্র জাপানের জলসীমায় এসে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা বিভাগ। জাপানের প্রতিরক্ষামন্ত্রী গেন নাকাতানি বলেছেন, “এটা ঘোরতর অন্যায়। ১০০০ কিলোমিটার দূরত্ব পার হয়ে ক্ষেপণাস্ত্র তিনটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এসে পড়েছে।”

প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ‘উসকানিমূলক’ আখ‌্যায়িত করে বলেছেন, তার দেশ এ ধরনের কর্মকাণ্ড সহ্য করবে না। জনগণের নিরাপত্তা ও সাগরে নৌযানের যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত ২ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার ১৬টি স্বতন্ত্র এবং ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্তর্জান্তিক নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটির সব ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপরও জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।

ঠিক কী ধরনের ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে সেটি স্পষ্ট নয়। তবে যে এলাকা থেকে ছোঁড়া হয়েছে, সেটি জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ক্ষেপণাস্ত্র ছোঁড়া অথবা কোনরকম পারমানবিক পরীক্ষার জন্য নিষিদ্ধ।

এদিকে উত্তর কোরিয়া তার দেশের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি ও পরমাণু অস্ত্রের মজুদের প্রতি ব্যাপক গুরুত্ব দিচ্ছে।

দেশটির এ তৎপরতা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। এ প্রেক্ষাপটে গত শুক্রবার পেন্টাগন জানায়, উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় সামরিক হস্তক্ষেপের চিন্তা করছে হোয়াইট হাউস।

উত্তর কোরিয়ার পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে আঘাত হানার লক্ষ্যে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এমন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কিম জং উনকে তৈরি করার সুযোগ দেয়া হবে না।

গত মাসে কিম উনের নির্দেশে ৩ হাজার ৪০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

সেই সময় সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...