Don't Miss
Home / হোম স্লাইডার / জাপানে টাইফুনের তাণ্ডবে নিহত বেড়ে ৭৪

জাপানে টাইফুনের তাণ্ডবে নিহত বেড়ে ৭৪

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : জাপানে ধ্বংসলীলা চালিয়েছে শতাব্দির অন্যতম প্রলয়ঙ্করী টাইফুন হাগিবিস। আজ বুধবারও উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছেন উদ্ধার কর্মীরা। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে।

রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নদীর পানি বেড়ে যাওয়ায় অনেকেই পানিতে ডুবে মারা গেছেন।

এখনও পর্যন্ত ১২ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এছাড়া দুর্যোগের সময় বিভিন্ন দুর্ঘটনায় আরও ২২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। হনশু দ্বীপের উত্তরপূর্বাঞ্চলীয় ৫২টি নদীর পানি বেড়ে বন্যা হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় টাইফুন হাগিবিস জাপানের প্রধান দ্বীপ হনশুর পূর্ব উপকূল দিয়ে স্থলে উঠে এসে দেশটির মধ্য ও পূর্বাঞ্চলজুড়ে তাণ্ডব চালায়। কয়েক দশকের মধ্যে জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এ টাইফুনটির কেন্দ্র সরাসরি রাজধানী টোকিওর ওপর দিয়ে এগিয়ে যায়।

টোকিওর উত্তরে ফুকুশিমা অঞ্চলে সবচেয়ে বেশি হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। অঞ্চলটির বাসিন্দারা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত আসবাবপত্র ও আবর্জনা রাস্তায় এনে জড়ো করতে শুরু করেছেন। নিজেদের বাড়ি পরিষ্কার করতে অক্ষম অনেক বৃদ্ধ এখনও আশ্রয়কেন্দ্রগুলোতে রয়ে গেছেন।

শক্তিশালী এই ঝড়ে দেশটির বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। গত শনিবার রাতে আঘাত হানা এই টাইফুনে ভূমিধস ও বন্যায় ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

১৯৫৮ সালের পর সবচেয়ে শক্তিশালী টাইফুন হাগিবিসের তাণ্ডবে দেশটির কয়েক লাখ বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত ৬০ বছরের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী ঝড় বলে উল্লেখ করা হয়েছে।

দেশটির প্রায় ৫২টি নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফুকুসিমায়। এনএইচকে বলছে, শুধুমাত্র ফুকুশিমায় হাগিবিসের তাণ্ডবে কমপক্ষে ২৫ জনের প্রাণহানি ঘটেছে।

ঘুর্ণিঝড়ের তাণ্ডবে প্রায় ১ লাখ ৩৮ হাজার বাড়ি-ঘর পানির সংকটে পড়েছে। এছাড়া ২৪ হাজার বাড়িঘরে কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ নেই। আরও হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এছাড়া দেশটির উত্তরাঞ্চলে তাপমাত্রা দ্রুত কমতে থাকায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...