Don't Miss
Home / হোম স্লাইডার / জার্মানি থেকে আবুধাবিতে প্রধানমন্ত্রী

জার্মানি থেকে আবুধাবিতে প্রধানমন্ত্রী

এমএনএ রিপোর্ট : জার্মানির মিউনিখে তিন দিনের সরকারি সফর শেষে আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় (আইডিইএক্স-২০১৯) যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবি পৌছেছেন।

প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় আজ রবিবার সকাল ৬টা ৪০ মিনিটে আবুধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি দোহা হয়ে আবুধাবি পৌঁছে। খবর বাসসের

আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে অভ্যর্থনার পর প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভযাত্রা সহকারে আবুধাবির সেন্ট রেজিস হোটেলে নিয়ে যাওয়া হয়। আমিরাতে অবস্থানকালে শেখ হাসিনা এখানেই অবস্থান করবেন।

এর আগে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য জার্মানিতে ৩ দিনের সরকারি সফর শেষে ইত্তেহাদ এয়ারওয়েজের ইওয়াই-০০৪ ফ্লাইটে মিউনিখ সময় রাত ৯টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় আজ রবিবার রাত ২টা ৪০ মিনিট ) মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের সফরের প্রথম দিনই আবুধাবি ন্যাশনাল এক্সিভিশন সেন্টারে (এডিএনইসি) চতুর্দশ আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর (আইডিইএক্স-২০১৯) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এ সফরে আল বাহার প্যালেসে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখা ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ হবে।

এ ছাড়া আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং আমিরাত অব দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গেও প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

আবুধাবির সেন্ট রেগিস হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা গত মাসে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর জার্মানি ও ইউএই’তে প্রথম বিদেশ সফরে গত বৃহস্পতিবার মিউনিখে পৌঁছান।

তিনি দুই দিনের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন। গতকাল শনিবার ওই সম্মেলন শেষ হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সফর শেষে আগামী ২০ ফেব্রুয়ারি সকালে দেশে ফিরবেন শেখ হাসিনা।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...