Don't Miss
Home / সারাদেশ / চট্টগ্রামে বস্তিতে আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু

চট্টগ্রামে বস্তিতে আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু

এমএনএ জেলা প্রতিনিধি : চট্টগ্রামের চাক্তাই এলাকায় একটি বস্তিতে আগুন লেগে ৯ জন জীবন্ত দগ্ধ হয়েছে।গতকাল শনিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে এই অগ্নিকাণ্ডে চাক্তাই এলাকার ভেড়া মার্কেট সংলগ্ন বস্তির প্রায় ২০০ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ইলয়াস হোসেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের চন্দনপুরা, লামারবাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ১০টি গাড়ি ভোর সোয়া ৪টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তিন পরিবারের আটজনের লাশ ফায়ার সার্ভিস কর্মীরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছেন। তাদের মধ্যে সাতজনের নাম জানা গেছে।

এরা হলেন- রহিমা আক্তার (৫৫), তার দুই মেয়ে নাজমা (২৭) ও নাসরিন (১৬) এবং ছেলে জাকির (১০); আয়শা আক্তার (৩৫) ও তার ভাগ্নে সোহাগ (১৯); হাসিনা আক্তার (৩৫) এবং অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। আজ রবিবার সকাল পৌনে ১০টার দিকে উদ্ধার করা হয় ৭/৮ মাসের আরেকটি শিশুর লাশ।

আগুনে দগ্ধ হয়ে দুই পরিবারের সাতজন সহ মোট ৯ জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন ঘটনাস্থলে তৎপর ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দীন।

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। নিহতদের প্রত্যেকের দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে।

এসময় তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক মাশহুদুল কবীরকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস কর্মকর্তা আলী আকবরকে সদস্য সচিব করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জেলা প্রশাসক জানান।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান, কর্ণফুলী রাজাখালী খালের পাশের ভেড়া মার্কেট সংলগ্ন ওই খাস জমি অবৈধভাবে দখল করে ওই বস্তি গড়ে তোলা হয়েছিল।

হাসিনা বেগম নামে ক্ষতিগ্রস্ত এক নারী জানান, স্থানীয় সাত্তার, ফরিদ, হেলালসহ পাঁচজন ওই বস্তির ঘরগুলো থেকে ভাড়া তুলতেন। বস্তির বিভিন্ন অংশ সাত্তার কলোনি, ফরিদ কলোনি- এরকম নামে পরিচিত ছিল।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...