Don't Miss
Home / হোম স্লাইডার / জিডিপির শুভংকরের ফাঁকি দেখিয়ে মানুষকে ধোঁকা বানাচ্ছে মন্ত্রীরা: ফখরুল
আলমগীর বলেছেন আওয়ামী লীগের মন্ত্রীরা জিডিপিতে শুভংকরের

জিডিপির শুভংকরের ফাঁকি দেখিয়ে মানুষকে ধোঁকা বানাচ্ছে মন্ত্রীরা: ফখরুল

এমএনএ রাজনীতি ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মন্ত্রীরা জিডিপিতে শুভংকরের ফাঁকি দেখিয়ে অবলীলায় মানুষকে বোকা বানাচ্ছে। দ্রব্যমূল্য বাড়ার কারণে মানুষ হাহাকার করছে, আর এ সরকারের মন্ত্রীরা হেসে হেসে বলে মানুষের আয়ও বেড়েছে। এরা কেমন মানুষ! জিডিপির ফাঁকি দেখিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে তারা। সোমবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের বাড়ার কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। সরকার সেটাকে অস্বীকার করছে। মন্ত্রীরা হেসে হেসে বলেন- দাম যেমন বেড়েছে আয়ও বেড়েছে। কার আয় বেড়েছে? তারপরেও বলে পার কেপিটা ইনকাম (মাথাপিছু আয়) এত হয়েছে। কিভাবে হিসাব করে। আমি আয় করি মাসে ৫০ হাজার টাকা, আর আমার যে ভাই আয় করে মাসে পাঁচ হাজার টাকা। দুটো কি এক? দুটো মিলিয়ে যদি হিসাব করেন তাহলেতো ওর আসবে ২৫ হাজার, আমার আসবে ২৫হাজার। এই দেশের ৯০ভাগ মানুষের আয় কম। দারিদ্রের সংখ্যা শতকরা দুই ভাগ বেড়েছে।

মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন তারা গণতন্ত্র সম্পর্কে কি করছে। নির্বাচন সম্পর্কে কি করছে। নির্বাচন কমিশন গঠন করেছে যাতে আরেকটা সে ধরনের নির্বাচন করা যায়। এবার মানুষ আর সেটা শুনবে না। এবার মানুষ রুখে দাঁড়াচ্ছে, রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কখনও পরাজিত হয়নি। এদেশের মানুষ রুখে দাঁড়াবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে।

বিএনপি মহসচিব বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ একজন আপাদমস্তক গণতান্ত্রিক ব্যক্তিত্ব ছিলেন। অনেকে বলেন তিনি (মওদুদ) এরশাদের মন্ত্রিসভায় গিয়েছিলেন। সেটাও তিনি গণতন্ত্রের স্বার্থেই গিয়েছিলেন। গণতন্ত্র কিভাবে রক্ষা করা যায়, কিভাবে গণতন্ত্র ফিরিয়ে আনা যায় সে স্বার্থেই তিনি গিয়েছিলেন। আজকে আওয়ামী লীগের সরকার কাউকে মূল্য দিতে জানে না। দেশের স্বাধীনতার ব্যাপারে ব্যারিস্টার মওদুদ আহমদের যে কি অবদান রয়েছে সে অবদান আমরা জানি। ছাত্রজীবন থেকে তিনি মানুষের কল্যাণের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। ভাষা আন্দোলন করতে গিয়ে তিনি জেলে গিয়েছেন। এরপরে প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি অবদান রেখেছেন।

তিনি বলেন, আজকে আমরা যখন তার স্মরণসভা করছি তখন বাংলাদেশে গণতন্ত্র নেই। এ গণতন্ত্রের জন্য তিনি (মওদুদ আহমদ) সংগ্রাম করেছেন, এ গণতন্ত্রের জন্য তাকে বাসভবন থেকে উৎখাত করা হয়েছে। তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে। তিনি কখনও মাথানত করেননি। শেষ পর্যন্ত তিনি গণতন্ত্রের পক্ষে লড়াই সংগ্রাম করেছেন।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...