Don't Miss
Home / হোম স্লাইডার / জিম্বাবুয়ের জাতির পিতা রবার্ট মুগাবে আর নেই

জিম্বাবুয়ের জাতির পিতা রবার্ট মুগাবে আর নেই

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আফ্রিকার দেশ জিম্বাবুয়ের জাতির পিতা এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আর নেই। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

গতকাল শুক্রবার (৬ সেপ্টেস্বর) স্থানীয় একাধিক সূত্রের বরাতে এতথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তার পরিবারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ৯৫ বছর বয়সী মুগাবের স্বাস্থ্যের অবস্থা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না। গত এপ্রিল থেকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। গতকাল শুক্রবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।

জিম্বাবুয়ে ১৯৮০ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর দুই মেয়াদে প্রায় ৩৭ বছর দেশটির দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন মুগাবে। দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট দুই পদেই দায়িত্ব পালন করেছেন আলোচিত এ নেতা। ২০১৭ সালের নভেম্বরে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুগাবে সরকারের পতন ঘটে। তবে, তার আগেই পদত্যাগের শর্ত হিসেবে নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মুগাবের মৃত্যুর খবর জানিয়ে তার উত্তরসূরি এমারসন এমনানগাগোয়া এক টুইটে লিখেছেন, “গভীর শোকের সঙ্গে জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের মৃত্যুসংবাদ আমাকে জানাতে হচ্ছে।”

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমনানগাগোয়ার ভাষায়, “মুগাবে ছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক, প্যান-আফ্রিকা মতবাদের একজন সমর্থক, যিনি তার জীবন উৎসের্গ করেছিলেন জনগণের মুক্তি আর ক্ষমতায়নের জন্য।”

জিম্বাবুয়ের শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের অবসান ঘটানো মুগাবে তার দেশে অনেকের কাছেই একজন মহানায়ক। কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও চিকিৎসা সেবার ব্যাপক সুযোগ বাড়িয়ে শাসনামলের শুরুর দিকে তিনি পুরো বিশ্বেই প্রশংসা পেয়েছিলেন।

তবে, শেষদিকে তার ভূমি সংস্কার কার্যক্রম ব্যাপক সমালোচনার জন্ম দেয় ও দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়ে। এছাড়া, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ উঠেছিল আলোচিত এ নেতার বিরুদ্ধে।

পশ্চিমা বিভিন্ন সংবাদমাধ্যমে মুগাবেকে চিত্রিত করা হয় আফ্রিকার একজন স্বৈরশাসক হিসেবে, যিনি নিজের ক্ষমতা টেকাতে দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গিয়েছেন।

জিম্বাবুয়ের জাতির পিতার ইচ্ছা ছিল নিজ দেশেই শেষ সময়টুকু কাটানোর। তবে, সেটি পূরণ হয়নি। দীর্ঘদিন নানা অসুখ-বিসুখের সঙ্গে লড়ে অবশেষে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি।

রবার্ট মুগাবের জন্ম ১৯২৪ সালের ২১ ফেব্রুয়ারি। ১৯৬৪ সালের দিকে তৎকালীন রোডেশিয়া সরকারের সমালোচনা করায় এক দশকেরও বেশি সময় বিনা বিচারে বন্দী করে রাখা হয় তাকে। কারাগারে থাকাকালীন ১৯৭৩ সালে জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন মুগাবে।

জিম্বাবুয়ে স্বাধীন হওয়ার পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে জিতে ১৯৮০ সালে প্রধানমন্ত্রী হন তিনি। পরে, ১৯৮৭ সালে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন এ নেতা।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...