Don't Miss
Home / আজকের সংবাদ / জুন মাসের মধ্যেই সারা দেশে হেলথ কার্ড প্রদান কার্যক্রম চালু: স্বাস্থ্যমন্ত্রী

জুন মাসের মধ্যেই সারা দেশে হেলথ কার্ড প্রদান কার্যক্রম চালু: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নতুন বছরে দেশকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি জানান, কৃষকদের সহায়তায় ইতোমধ্যে কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে এবং আগামী জুন মাসের মধ্যেই সারা দেশে হেলথ কার্ড প্রদান কার্যক্রম চালু করা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, জনগণের কল্যাণে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কৃষি ঋণ মওকুফ, অসহায় ও দুস্থদের জন্য বিশেষ বরাদ্দ, টিআর-কাবিখা কর্মসূচি এবং খাল খননের মতো কার্যক্রম।

স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে হাম প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে ৩০টি উপজেলা ও সিটি করপোরেশনে হাম প্রতিরোধে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া আগামী ২০ তারিখ থেকে সারা দেশে শিশুদের জন্য হাম টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ শুরু হবে।

তিনি দাবি করেন, সরকারের উদ্যোগে ইতোমধ্যে হাম সংক্রমণের হার কমে এসেছে এবং মৃত্যুহারও হ্রাস পেয়েছে। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।

এর আগে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে মন্ত্রী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

পরে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

x

Check Also

ইসলামাবাদে ব্যর্থ আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার আশা পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো উন্মুক্ত ...