Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / জুলাই থেকে সেপ্টেম্বরে এজেন্ট ব্যাংকিংয়ে বড় প্রবৃদ্ধি
এজেন্ট ব্যাংকিং

জুলাই থেকে সেপ্টেম্বরে এজেন্ট ব্যাংকিংয়ে বড় প্রবৃদ্ধি

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ মহামারি করোনার মধ্যেই এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় আমানত ও ঋণ বিতরণে বড় প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে আমানত বেড়েছে প্রায় ২৮ শতাংশ। আর ঋণ বিতরণ বেড়েছে প্রায় ৫১ শতাংশ। এ দুটি সূচকে বার্ষিক প্রবৃদ্ধির হার আরো বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এজেন্ট ব্যাংকিং হলো শাখা না খুলে ব্যাংকের তৃতীয় পক্ষের মাধ্যমে সেবা দেওয়ার একটি ব্যবস্থা। বর্তমানে এজেন্ট আউটলেটের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি গ্রাহক ও লেনদেনের পরিমাণও বাড়ছে। বর্তমানে ২৪টি বাণিজ্যিক ব্যাংক ১০ হাজার ১৬৩টি মাস্টার এজেন্টের আওতায় ১৪ হাজার ১৬টি আউটলেটের মাধ্যমে এ সেবা দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় ৮২ লাখ ২১ হাজার ৮৯৩ জন গ্রাহক হিসাব খুলেছে। এসব হিসাবে জমাকৃত অর্থের স্থিতি দাঁড়িয়েছে ১৩ হাজার ৪০ কোটি টাকা। গত জুন পর্যন্ত গ্রাহক ছিল ৭৩ লাখ ৫৮ হাজার ১৯০ জন এবং আমানত স্থিতি ছিল ১০ হাজার ২২০ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে গ্রাহক বেড়েছে আট লাখ ৬৩ হাজার ৭০৩ জন বা ১১.৭৪ শতাংশ এবং আমানত স্থিতি বেড়েছে প্রায় দুই হাজার ৮২০ কোটি টাকা বা ২৭.৬০ শতাংশ। আর গত এক বছরের ব্যবধানে গ্রাহক ও আমানত বৃদ্ধির হার যথাক্রমে ১০৭ শতাংশ ও ১১১ শতাংশ। অন্যদিকে গত তিন মাসের ব্যবধানে নতুন এজেন্ট বেড়েছে প্রায় ১৫.৯৬ শতাংশ। আর আউটলেট বেড়েছে ১২.৫৯ শতাংশ।

এজেন্ট ব্যাংকিংয়ে শুধু হিসাব খোলা ও আমানত সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ নয়, ঋণ বিতরণের মাধ্যমে আয় উৎসারী কর্মকাণ্ডকে উৎসাহিত করে গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় ঋণ বিতরণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় এক হাজার ৮৭ কোটি টাকা। এর মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসেই বেড়েছে প্রায় ৩৬৬ কোটি টাকা বা ৫০.৮৫ শতাংশ। আর এক বছরের ব্যবধানে বেড়েছে ৭৮১ কোটি টাকা বা ২৫৫.৪৫ শতাংশ। এজেন্ট ব্যাংকিং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত ৩৮ হাজার ৩৩৫ কোটি টাকা রেমিট্যান্স বিতরণ করা হয়েছে। গত তিন মাসে রেমিট্যান্স বিতরণে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪৩.৮৪ শতাংশ। আর এক বছরের ব্যবধানে এই প্রবৃদ্ধি ২২১ শতাংশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেসরকারি ব্যাংকের মধ্যে ব্যাংক এশিয়া প্রথম কার্যক্রম শুরু করে এবং বর্তমানে এজেন্ট ব্যাংকিংয়ে শীর্ষেও রয়েছে ব্যাংকটি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...