Don't Miss
Home / আজকের সংবাদ / জয়ের লক্ষ্যে বাংলাদেশের টার্গেট ২৭১ রান

জয়ের লক্ষ্যে বাংলাদেশের টার্গেট ২৭১ রান

এমএনএ স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে টাইগারদের ২৭১ রানের টার্গেট বেধে দিয়েছে নিউজিল্যান্ড। এর আগে আজ বুধবার ডাবলিনে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। প্রথমে ব্যাট করে অধিনায়ক টম লাথামের ৮৪, নেইল ব্রুমের ৬৩ আর রস টেইলরের অপরাজিত ৬০ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান করে নিউজিল্যান্ড।

যদিও ত্রিদেশীয় সিরিজ আগেই জিতে নিয়েছে নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের পাওয়ার রয়েছে অনেক কিছু। তিন জাতি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হার এবং অ্যাওয়ে ম্যাচে কিউইদের বিপক্ষে কোনো জয় না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের হারের প্রতিশোধ নেয়ার পাশাপাশি আক্ষেপ ঘুচানোর লক্ষ্য টাইগারদের। সেইসঙ্গে নিউজিল্যান্ডকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সরাসরি ২০১৯ বিশ্বকাপে জায়গা করে নেয়ার পথে এগিয়ে যাওয়ার মঞ্চ।

এমন ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দলকে ২৭১ রানের লক্ষ্যমাত্র দিয়েছে কিউইরা। ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড মাঠে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মাশরাফি। শুরুটা নিউজিল্যান্ড দুর্দান্ত করলেও শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফলে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৭০ রানেই আটকে যায় কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে টম ল্যাথাম সর্বোচ্চ ৮৪ রান করেন। এছাড়া নেইল ব্রম ৬৩ এবং রস টেলর করেন ৬০ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন নাসির হোসেন, সাকিব আল হাসান ও মাশরাফি। একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সাবধানী ছিলেন দুই ওপেনার লুক রনকি ও টম ল্যাথাম। তবে চতুর্থ ওভারে মোস্তাফিজুর রহমানের আঘাতে হাসি ফোটে বাংলাদেশের মুখে। কাটার মাস্টারের বলের গতিপ্রকৃতি বুঝতে না পেরে এক্সট্রা কাভারে সাকিব আল হাসানের ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রনকি। এরপর ব্রম ও ল্যাথাম মিলে ১৩৩ রানের দুর্দান্ত জুটি গড়ে বাংলাদেশকে চাপের মুখে ফেলে দেন।

নাসির আক্রমণে এসে বিপজ্জনক জুটি ভাঙেন। তার করা ২৮তম ওভারের প্রথম বলে স্কয়ার লেগে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ব্রম। ৩০তম ওভারে আক্রমণে এসে প্রথম বলেই ল্যাথামকে বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন প্রায় সাত মাস পর ওয়ানডে একাদশে সুযোগ পাওয়া নাসির।

এরপর টেলর ও অ্যান্ডারসন মিলে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন। এই জুটি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছিল। ৩৯তম ওভার সাকিব কিউই শিবিরে আঘাত হেনে বাংলাদেশকে উল্লাসে ভাসান। ওভারের চতুর্থ বলে স্কয়ার লেগে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন অ্যান্ডারসন। এরপর মাশরাফির করা ৪২তম ওভারের তৃতীয় বলে লং অফে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নিশাম।

এরপর ক্রিজে এসে সেট না হতেই ৪৩তম ওভারে স্যান্টনারকে বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন সাকিব। পরের ওভারের প্রথম বলে মুনরোকে উইকেটের পেছনে মুশফিকের শিকার বানিয়ে বাংলাদেশকে ম্যাচের লাগাম এনে দেন মাশরাফি।

আয়ারল্যান্ডকে আগের ম্যাচে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ ইতোমধ্যেই জিতে নিয়েছে নিউজিল্যান্ড। সেটি বিবেচনায় নিলে আজকের ম্যাচটি নিয়মরক্ষার লড়াই। তবে বাংলাদেশের জন্য দারুণ এক উপলক্ষ্যের ম্যাচ এটি। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ছয়ে উঠে আসবে বাংলাদেশ; সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়া তখন মাশরাফিদের জন্য সময়ের ব্যাপারে পরিণত হবে। এমন ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। সানজামুল ইসলামের পরিবর্তে একাদশে ঢুকেছেন নাসির হোসেন। প্রায় সাত মাস পর ওয়ানডে একাদশে ফিরলেন দ্য ফিনিশার।

তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। হামিশ বেনেট ও জেমস নিশাম বিশ্রাম কাটিয়ে একাদশে ফিরেছেন। অন্যদিকে ত্রিদেশীয় সিরিজে প্রথমবারের মতো কিউই একাদশে জায়গা করে নিলেন জিতান প্যাটেল।

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রতিশোধের মিশনও। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাশরাফিদের হারিয়েছিল কিউইরা। এবার নিউজিল্যান্ডকে হারিয়ে সেই হারের বদলা নেয়ার পাশাপাশি তাসমান সাগরের দেশটির বিপক্ষে প্রথম অ্যাওয়ে জয় পেতে চায় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেলেও তৃতীয় ম্যাচে আইরিশদের ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে টাইগাররা। বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসকে সঙ্গী করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যেতে চায় বাংলাদেশ।

সিরিজের সিরিজ শেষে আগামীকাল বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। ১-১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ১ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে টাইগারদের অপর দুই প্রতিপক্ষ হলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: লুক রনকি, টম ল্যাথাম, কোরি অ্যান্ডারসন, রস টেলর, নেইল ব্রম, জেমস নিশাম, কলিন মুনরো, হামিশ বেনেট, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি ও জিতান প্যাটেল।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৭০/৮ (ল্যাথাম ৮৪, ব্রুম ৬৩, টেলর ৬০*, অ্যান্ডারসন ২৪; সাকিব ২/৪১, নাসির ২/৪৭, মাশরাফি ২/৫২, মোস্তাফিজ ১/৪৬, রুবেল ১/৫৬, মোসাদ্দেক ০/১৪)

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...