এমএনএ রিপোর্ট : রাজধানীতে কালবৈশাখী ঝড়-বৃষ্টির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠা-নামায় বিঘ্ন হয়েছে। এ সময় দুটি বিমান কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেশ কয়েকটি উড়োজাহাজ নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি বলে জানা গেছে। নির্ধারিত সময়ে অবতরণও করতে পারেনি বেশ কিছু ফ্লাইট।
আজ সোমবার সন্ধ্যায় ঢাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। পরে রাতে প্রচুর বৃষ্টিপাত হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানা গেছে, ঢাকায় রাত এগারটা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ২২ মিলিমিটার।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে জানা যায়, প্রতিকূল আবহাওয়ার কারণে বেশ কয়েকটি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট রাত নয়টা ২০
মিনিটে অবতরণের কথা থাকলেও নির্ধারিত সময় তা অবতরণ করতে পারেনি। এ ছাড়া ব্যাংকক থেকে দুটি ফ্লাইট এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে পৃথক দুটি ফ্লাইট নির্ধারিত সময়ে বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরব যাওয়ার কথা। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সেটি সোয়া ৯টায় ছেড়ে যায়। এ ছাড়া ঢাকা থেকে মাস্কাটগামী ৮টা ১০ মিনিটের একটি ফ্লাইট ছাড়ে সোয়া এক ঘণ্টা দেরিতে।
ঝড়-বৃষ্টির কারণে আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটেও শিডিউল মেনে বিমান উড্ডয়ন ও অবতরণ করানো যায়নি বলে রিজেন্ট এয়ারওয়েজ এবং ইউএস বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল করিম গণমাধ্যমকর্মীদের জানান, রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রিজেন্ট এয়ারওয়েজের একটিসহ দুটি বিমান কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আবহাওয়া স্বাভাবিক হলে দুটি বিমান ফেরত আসবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

