টিআইবির প্রতিবেদন ভিত্তিহীন : সিইসি
Posted by: News Desk
January 16, 2019
এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ওই প্রতিবেদন ভিত্তিহীন। আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি।
আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কমিশনে নতুন নিয়োগ পাওয়া কর্মীদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন সিইসি।
কে এম নূরুল হুদা বলেন, পত্রপত্রিকার যে তথ্য পেয়েছি, তাতে এ রকম কোনো অভিযোগ পাইনি। কোনো জায়গায় আপনারা (সাংবাদিকদের) এমন দেখাননি—তারা (টিআইবি) যেভাবে বলেছে।
ভোট ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের বক্তব্যের এভাবে কঠোর সমালোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
পাশাপাশি একাদশ সংসদ নির্বাচন ‘প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত’ বলে টিআইবি যে প্রতিবেদন দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন তিনি।
টিআইবির প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, “তাদের প্রতিবেদন পুরোপুরি প্রত্যাখ্যান করছি। কারণ তারা (টিআইবি) অনিয়মের অভিযোগ তুললেও সেদিন গণমাধ্যম ও নির্বাচনের মাঠে থাকা ভোটগ্রহণ কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলাবাহিনীর কাছ থেকে কোনো ধরনের অনিয়ম হয়েছে বলে তথ্য পাইনি আমরা। এ জন্য টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করছি।”
এদিকে বিকালে নীলফামারিতে এক অনুষ্ঠানে টিআইবির প্রতিবেদনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, “৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর হঠাৎ করে এ রকম একটি প্রতিবেদন প্রকাশ করে সরকার ও নির্বাচন কমিশনকে অপ্রস্তুত করা, এটা তাদের উদ্দেশ্যপ্রণোদিত বলে আমি মনে করি।”
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে প্রচার চালানো সংস্থা টিআইবি। এতে দাবি করা হয়, ৩০০ আসনের মধ্যে ৫০টি আসন দৈবচয়নের ভিত্তিতে নির্ধারণ করেছিল টিআইবি। এই ৫০টি আসনের মধ্যে ৪১টিতে জালভোট হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘনের অভিযোগ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।
নির্বাচনে সবার ‘সমান সুযোগ নিশ্চিত না হওয়ায়’ এই ভোট প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত ছিল বলে পর্যবেক্ষণ দেয় তারা।
ওই অনুষ্ঠানেই ভোট ঘিরে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার সমালোচনা করেন ইফতেখারুজ্জামান। নির্বাচন কমিশনের ভূমিকা ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন তিনি।
সিইসি প্রতিবেদন ভিত্তিহীন টিআইবির 2019-01-16