এমএনএ অর্থনীতি রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলসে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে থাকা আহতদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে।এনিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৩৪ জনে।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে লেদ সেকশনের ইনচার্জ মনোয়ার হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ জানান।
নিহত মনোয়ার হোসেন শরীয়তপুরের নড়িয়া থানার আনাখন্দ এলাকার মমতাজ উদ্দিন দেওয়ানের ছেলে।

নিহতের ভাতিজা রবিউল বাশার সুজন জানান, গত শনিবার সকালে কারখানার দেয়াল ধ্বসে চাপা পড়েন তার চাচা। পরে স্থানীয়রা চাচা মনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসা পেতে বিলম্ব হওয়ায় তাকে সেখান থেকে ধানমন্ডি নর্দান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে তিনি মারা যান।তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে সংজ্ঞাহীন ছিলেন।
রবিউল বাশার সুজন জানান, মনোয়ার হোসেনের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে টঙ্গীর ফকির মার্কেট এলাকায় (জাপানী বাড়ি) ভাড়া থেকে ট্যাম্পাকো কারখানায় চাকরি করতেন।
ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ জানান, ময়নাতদন্তের জন্য মনোয়ার হোসেনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক ও ট্যাম্পাকোর ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, এনিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৩৪ জনে।
আজ বুধবার সকালেও সেনাবাহিনীর সদস্য ও ফায়ারব্রিগেডের লোকজন ট্যাম্পাকোর ধ্বংসস্তুপ অপসারন ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। গত সোমবার ওই ধ্বংসস্তুপ থেকে চারজনের লাশ উদ্ধারের পর মোট মৃতের সংখ্যা ছিল ৩৩ জন।
উল্লেখ্য, গত শনিবার সকালে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

