Don't Miss
Home / হোম স্লাইডার / ডাকসুতে বিজয়ীরা কোনো দলের নয় : প্রধানমন্ত্রী

ডাকসুতে বিজয়ীরা কোনো দলের নয় : প্রধানমন্ত্রী

এমএনএ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যে বিজয়ী হয়েছে সে সব ছাত্রদের জন্য কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নবনির্বাচিত ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নেতারা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘কে ভোট দিল কে দিল না— এটা নয়। এসব মাথায় রাখা যাবে না। যে নির্বাচিত হয়েছে সে সব শিক্ষার্থীর জন্য কাজ করবে। কে হলো কে হলো না সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। ভোটটা সুষ্ঠু হোক।’

তিনি বলেন, ‘আমাদের ভিপি পদে শোভন জয় লাভ করে নাই। আমার কাছে আসছে, আমি বলেছি— যে জিতেছে তাকে অভিনন্দন জানাতে। ধন্যবাদ জানাই শোভনকে। আমি তাদের পরিবারের সবাইকে চিনি। এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতিতে হারজিত তো থাকবেই।’

কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলন আমরাও করে এসেছি। আন্দোলনে সহিংসতা চাই না। সাহস থাকা ভালো। কিন্তু পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে হবে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দীর্ঘ ২৮ বছর ডাকসু নির্বাচন বন্ধ ছিল। আমরা আসলে নেতৃত্ব খুঁজি। এই নেতৃত্ব ছাত্র জীবন থেকে গড়ে উঠতে হবে।’

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, ​‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে নিজের মায়ের ছায়া দেখতে পাই।’

আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য প্রদানকালে নুর এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আড়াই বছর বয়সে আমি মাকে হারাই। ছোটবেলায় আমার একজন স্কুল শিক্ষিকার মাঝে মায়ের ছায়া দেখতে পেয়েছি। আর একজনের মধ্যে আমি মাতৃত্বকে খুঁজে পেয়েছি। তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও উন্নয়নকাজ বিশ্বে তাকে প্রশংসনীয় অবস্থানে নিয়েছে উল্লেখ করে ভিপি নুর ডাকসু কার্যকরে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

এরআগে আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে গণভবেন পৌঁছান তারা। গণভবনের গেটে নেমে ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে কোলাকুলি করেন নুরু। এরপর ভেতরে প্রবেশ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি প্রাইভেটকারে চড়ে গণভবনে যান ডাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ও প্রাইভেটকারে গণভবনের উদ্দেশে রওনা হন অন্য ছাত্রলীগ ও অন্য প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর নেতারা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...