Don't Miss
Home / আইন আদালত / ডিএনসিসির উপনির্বাচন স্থগিত চেয়ে রিট

ডিএনসিসির উপনির্বাচন স্থগিত চেয়ে রিট

এমএনএ রিপোর্ট : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক রিট হয়েছে। আদালত আগামীকাল বুধবার আদেশের জন্য দিন ধার্য করেছেন।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার রিট আবেদন দুটির ওপর শুনানি হয়।
আদালত কাল আদেশের জন্য দিন রেখেছেন বলে জানিয়েছেন ওই আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
৯ জানুয়ারি ওই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট করেন দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। একজন হলেন ইউপির চেয়ারম্যান আতাউর রহমান। অপরজন হলেন বেরাইদ ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। আজ দুপুরে আদালতে রিটের ওপর শুনানি হয়।
আতাউর রহমান করা রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। সঙ্গে ছিলেন আইনজীবী আহসান হাবিব ভূঁইয়া। জাহাঙ্গীরের করা রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সঙ্গে ছিলেন আইনজীবী মোকাররামুস সাকলান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
পরে মোকাররামুস সাকলান বলেন, উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে জাহাঙ্গীর আলম একজন প্রার্থী হতে চান। এর আগে ওয়ার্ডগুলো পুনর্বিন্যাস করা হয়। পুনর্গঠন করা ওয়ার্ডের ভোটার তালিকা এখনো প্রকাশ করা হয়নি। এ পরিস্থিতিতে তিনি ওই নির্বাচন স্থগিত চেয়ে রিটটি করেন।
আতাউর রহমানের আইনজীবী আহসান হাবিব ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, সিটি করপোরেশন আইন অনুসারে ৭৫ শতাংশ কাউন্সিল নির্বাচনের মাধ্যমে ফলাফল সরকারি গেজেটে প্রকাশিত হবে। এর ভিত্তিতে মেয়র পদ গঠিত হবে। অথচ গত বছরের জুলাইতে উত্তর সিটি করপোরেশনে ১৮টি ওয়ার্ড সম্প্রসারিত করা হয়। এ অবস্থায় ৭৫ শতাংশ ওয়ার্ড কাউন্সিলর হচ্ছে না। এসব যুক্তিতে নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটটি করা হয়।
উল্লেখ্য, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক মারা যাওয়ায় উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
x

Check Also

এক মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আদালত প্রতিবেদক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী একটি মামলায় জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকা ...