এমএনএ রিপোর্ট : নন্দিত সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরেই তিনি মরনব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। আজ মঙ্গলবার, ১৬ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে তার শরীর হঠাৎ বেশি খারাপ হলে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
মৃত্যুকালে শাম্মী আক্তার স্বামী, এক ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার স্বামী আকরামুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘শাম্মী আক্তার ছয় বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন। আজ দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়ায় বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই বিকেল ৪টার দিকে তিনি পরপারে পাড়ি জমান। জীবনের শেষদিনগুলো অনেক কষ্ট করে গেল শাম্মী। সবার কাছে ওর বিদেহী আত্মার জন্য দোয়া প্রার্থনা করছি।’
সংগীতশিল্পী শাম্মী আক্তার গত পাঁচ বছর ধরেই ভুগছিলেন ক্যান্সারে। ২০১৭ সালে অক্টোবরে সংগীত সংগঠন সমন্বয় পরিষদ তার চিকিৎসায় অর্থ সাহায্য চাইলে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকার চেক দেন। শেষরক্ষা হলো না কিছুতেই। সংগীতাঙ্গনকে শোকের সমুদ্রে ভাসিয়ে চলে গেলেন এই গানের পাখি, আর না ফেরার দেশে।
‘শাম্মী’ নামে পরিচিত হলেও তার আসল নাম শামীমা আক্তার। শামীমাকেই আদর করে সবাই ডাকতেন শাম্মী বলে। তার গানে হাতে খড়ি বরিশালের ওস্তাদ গৌর বাবুর কাছে। এরপর নানা সময় নানা জনের কাছে গানে শিক্ষা নিয়েছেন তিনি। ১৯৭০ সালের দিকে জীবনের প্রথম বেতারের গানে কণ্ঠ দেন তিনি। গানটি ছিল নজরুলসংগীত ‘এ কি অপরূপ রূপে মা তোমায়’।
চলচ্চিত্রের গানে শাম্মী আক্তারের যাত্রা শুরু হয়েছিলো ১৯৮০ সালে আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার মধ্য দিয়ে। ছবিতে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সত্য সাহার সুর-সংগীতে ‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’ এবং ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ গান দুটি গেয়েই রাজকীয় অভিষেক হয় তার। এরপর চলচ্চিত্রে শাম্মী আখতার প্রায় ৩০০ গান গেয়েছেন।
জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে ‘ভালোবাসলেই সবার সঙ্গে ঘর বাঁধা যায় না’ গানটি গাওয়ার জন্য শাম্মী আক্তার ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
ব্যক্তিজীবনে ১৯৭৭ সালের ২২ ফ্রেব্রুয়ারি আকরামুল ইসলামের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন শাম্মী আক্তার। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া। শেষ বয়সে দুই নাতি আর্শ ও আরিবের সঙ্গেই সময় কাটতো শাম্মী আক্তারের।
‘চিঠি দিও প্রতিদিন’, ‘ঐ রাত ডাকে ঐ চাঁদ ডাকে’,‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’, খ্যাত
‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’, ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ ‘চিঠি দিও প্রতিদিন চিঠি দিও’, ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’, ‘ঝিলমিল ঝিলমিল করেছে রাত’, `বিদেশ গিয়ে বন্ধু তুমি আমায় ভুইলো না’ এমনই অনেক গানের নন্দিত কণ্ঠশিল্পী ছিলেন শাম্মী আক্তার। এরকম শ্রুতিমধুর অজস্র গান তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা।