Don't Miss
Home / আজকের সংবাদ / ডিএনসিসি মেয়র নির্বাচনের তফসিল ঘোষণা

ডিএনসিসি মেয়র নির্বাচনের তফসিল ঘোষণা

এমএনএ রিপোর্ট : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
ঘোষিত তফসিলে বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসি মেয়র পদে উপ নির্বাচনে ভোটগ্রহণ হবে। একই দিনে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবগঠিত ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ওয়ার্ডগুলোতে একইদিন নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২১ ও ২২ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আবুল কাশেম ও ঢাকা দক্ষিণে রকিব উদ্দিন মণ্ডলকে রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।
স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে তিন বছর আগে নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। তিনি হারিয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালকে।

আইন সংশোধনের পর এবার প্রার্থীরা লড়বেন দলীয় মনোনয়নে, দলীয় প্রতীকে।
আওয়ামী লীগের পক্ষ থেকে আনিসুল হকের মতো আরেক ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকে প্রার্থী করার করার ইঙ্গিত মিলেছে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে; প্রার্থী মনোনয়নের ভার দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডিএনসিসি মেয়াদ ২০২০ সালের ১৩ মে ও ডিএসসিসি মেয়াদ একই বছরের ১৬ মে পর্যন্ত রয়েছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ডিএনসিসির নতুন মেয়র এবং দুই সিটির ৩৬টি নতুন ওয়ার্ডের কাউন্সিলরদের মেয়াদ হবে দুটি সিটি কর্পোরেশনের ওই মেয়াদ থাকা পর্যন্ত।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পুরাতন ৩৬টির সঙ্গে নতুন ১৮টি ওয়ার্ড যোগ হওয়ায় মোট ওয়ার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪টি। আর দক্ষিণ সিটির ওয়ার্ড সংখ্যা ৫৭টি থেকে বেড়ে হয়েছে ৭৫টি।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল ডিএনসিসি নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নেতা আনিসুল হক বিজয়ী হন। প্রায় দুই বছর ধরে ওই দায়িত্ব পালনের মধ্যেই গত বছরের জুলাইয়ে যুক্তরাজ্যে গিয়ে হাসপাতালে ভর্তি হন সেরিব্রাল ভাস্কুলাইটিসে আক্রান্ত আনিসুল। চিকিৎসাধীন অবস্থায় ৩০ নভেম্বর তার মৃত্যু হয়। এরপর ৪ ডিসেম্বর ডিএনসিসির মেয়র পদ শূন্য ঘোষণা করে গেজেট জারি করে স্থানীয় সরকার বিভাগ। মেয়র পদটি শূন্য ঘোষণা করায় আইন অনুযায়ী ৯০ দিন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ উপনির্বাচন করার বাধ্যবাধকতা তৈরি হয় ইসির।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...