Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর পদত্যাগ

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর পদত্যাগ

এমএনএ প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার তিনি গণমাধ্যম-কে এ তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন সরকারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে তাঁর পদত্যাগ গৃহীত হবে কি না এবং ডিএমপির নেতৃত্বে কোনো পরিবর্তন আসবে কি না।

শেখ মো. সাজ্জাত আলী জানান, সরকারের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বঞ্চিত হিসেবে দাবিদার এই পুলিশ কর্মকর্তাকে অকালীন অবসর ভেঙ্গে গত অন্তবর্তীকালীন সরকারের সময়ে ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তার আগেও মাইনুল ইসলাম নামে আরেক কর্মকর্তাকে ওই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তিনি পদত্যাগ করেন।

ডিএমপি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর একটি, যা রাজধানী ঢাকার সার্বিক নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও বিশেষ নিরাপত্তা দায়িত্ব পালন করে। ফলে কমিশনার পদে পরিবর্তন এলে তা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পরবর্তী কমিশনার নিয়োগ বা ভারপ্রাপ্ত দায়িত্ব অর্পণের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হলেই বিষয়টি চূড়ান্ত হবে।

শেখ মো. সাজ্জাত আলী দীর্ঘ সময় ধরে পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তাঁর পদত্যাগের পেছনের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে প্রশাসনিক সূত্রগুলো বলছে, নবগঠিত বিএনপি সরকারের চলমান নীতিগত ও সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত ডিএমপির নিয়মিত কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...