এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চুড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।
এ বছর ‘চ’ ইউনিটের পরীক্ষায় সর্বমোট ৬ হাজার ১৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। যার মধ্যে ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন ২৪১ জন শিক্ষার্থী। তাদের মধ্য থেকে শেষ পর্যন্ত ১৩০ জন মেধাক্রম অনুযায়ী চারুকলা অনুষদভুক্ত ৮টি বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবেন। এর আগে গত ১৭ জুন শুক্রবারের সাধারণ জ্ঞান (এমসিকিউ) পরীক্ষায় মনোনীত ১৫০০ জন পরীক্ষার্থীরা ২ জুলাই শুক্রবারের অঙ্কন পরীক্ষায় বসেছে।
এই ইউনিটে ১২০ নম্বরের মধ্যে ১০০ দশমিক ৫ পেয়ে প্রথম হয়েছেন ভিকারুন্নেসা নূন কলেজের শিক্ষার্থী ফারিয়া নওশীন আহমেদ আপন, ৯৮ দশমিক ৯৪ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন সরকারি গৌরিপুর কলেজের শিক্ষার্থী ঐশী রাণী মণ্ডল এবং ৯৮ দশমিক ৮৪ পেয়ে তৃতীয় হয়েছেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থী মো. ফরহাদ আলী।
পাসকৃত শিক্ষার্থীদেরকে আগামী ২৪ জুলাই, ২০২২ হতে ৩০ জুলাই, ২০২২ মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২৪ জুলাই, ২০২২ হতে ২৮ জুলাই, ২০২২ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম চারুকলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।
ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৪ জুলাই, ২০২২ হতে ২৮ জুলাই, ২০২২ পর্যন্ত চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে চ-ইউনিট-এর নোটিশে দেখা যাবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

