এমএনএ বিনোদন ডেস্ক : ত্রিশ পেরোনোর পরেও বিয়ে না করাটাই বুঝি এখন ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গ্ল্যামার জগতের মানুষেরা নিজের ইমেজ ধরে রাখার জন্য সাধারণত এমনটি করে থাকেন। মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) তে এবারের আয়োজন থাকছে ঢালিউডে ব্যাচেলর তারকারা!
প্রিয় তারকাদের বিয়ে নিয়ে ভক্তদের মনে জাগা প্রশ্নের উত্তর জানতেই ত্রিশ পেরোনো ব্যাচেলর তারকাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছিল বিনোদন প্রতিবেদক। আর এতেই উঠে এসেছে বিয়ে নিয়ে তারকাদের পরিকল্পনার কথা অভিনয়ে প্রায় সতের বছরের বেশি সময় পার করলেন বর্তমানে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান।
দীর্ঘ এ ক্যারিয়ার জীবনে পর্দায় অনেক নায়িকার সঙ্গেই ঘর বেঁধেছেন তিনি। পাশাপাশি সহকর্মী নায়িকাদের সঙ্গে প্রেমের গুঞ্জনও কম রটেনি। তবে সবকিছু ছাপিয়ে নিজের বাস্তব জীবনে কবে ব্যাচলারত্ব ভাঙছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত বছর থেকেই বাবা-মা আমাকে বিয়ে করানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। আমিও মানসিকভাবে বিয়ে করার জন্য প্রস্তুত হচ্ছি। আমার বাবা-মা ভালো মনের একজন মেয়ে খুঁজছেন। তার সন্ধান পেলেই ধুমধাম করে শুভ কাজটি সেরে নেব।
ঢালিউডের অন্যতম সফল নায়িকা অপু বিশ্বাস। ক্যারিয়ারের প্রায় ছবিই তিনি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে করেছেন। ফলে তাদের মধ্যে ভালো একটি বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয়েছে। যাকে অনেকেই প্রেমের সম্পর্ক বলে থাকেন। বিয়ে করছেন কবে এমন প্রশ্নের উত্তরে এ নায়িকা বলেন, ‘বিয়ে তো অবশ্যই করব। তবে সেটি এখনই নয়। আরও পাঁচ বছর পর। এ বিষয়ে একেবারে পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছি আমি।’ তবে পাঁচ বছর পর বিয়ে করলে পাত্র কেমন চান এ প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘বিয়ের পাত্রের জন্য আমার তেমন কোনো শর্ত নেই। শুধু চাইব, আমার বর যে হবে সে যেন সুন্দর মনের একজন ভালো মানুষ হয় এবং আমার প্রতি যত্নশীল হন। পাশাপাশি অন্যকে সম্মান জানানোর মানসিকতাও যেন তার মধ্যে বেশ পরিমাণেই থাকে। কারণ যে মানুষ অন্যকে সম্মান দিতে পারে না তাদের আমি ঘৃণার চোখেই দেখি।’
বিয়ে নিয়ে দর্শকদের বেশ ধোঁয়াশার মধ্যে রেখেছেন রহস্যময়ী নায়িকা সাদিকা পারভীন পপি। বিয়ের প্রশ্ন করতেই যেন বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। অবশেষে তিনি জানান, ‘বিয়ে করলে সবাইকে এ আনন্দের খবরটা ঢাকঢোল পিটিয়েই দিতে চাই। তবে কবে দিতে পারব জানি না। স্রষ্টার পক্ষ থেকে হুকুম হলেই হবে। অন্যথায় এ বিষয়ে আমার কিছুই করার নেই। তবে সবাইকে এতটুকু বলতে পারি যখন সময় হবে তখন সবাইকে জানিয়েই বিয়ে করব।’ এছাড়া আপাতত এ ধরনের চিন্তাভাবনা নেই বলেও জানিয়েছেন চলচ্চিত্রের এ নায়িকা।
ম্যাডাম ফুলি খ্যাত নায়িকা সিমলা। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। এখনও বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। বর্তমানে অভিনয়ের ব্যস্ততা কম থাকায় বিয়ে করবেন কিনা এমন প্রশ্নে সিমলা বলেন, বিয়ের জন্য এখনও কিছু ভাবছি না। আরও কিছুদিন একা থাকতে চাইছি। লুকোচুরি করে কিছু করব না। সবাইকে জানিয়েই করব।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। নিজের জীবন থেকে বত্রিশটি বছর পেরিয়ে গেলেও ব্যাচেলর হয়েই জীবনযাপন করছেন এ তারকা। কবে পরিণয়ের মালা পরবেন এমন প্রশ্নে সজল বলেন, ‘বিয়ে করলে তো করেই ফেললাম। এটি হয়ে গেলে তো আপনারা আর জানতে চাইবেন না কবে বিয়ে করছি!’ বেশ হাসি হাসি ভাব নিয়ে কথাগুলো বললেও পরক্ষণেই সিরিয়াস হয়ে সজল বলেন, ব্যস্ততা থেকে কিছুদিনের অবসর নিয়ে শিগগিরই বিয়ে করব। তবে ঠিক কবে এটি করব সে সম্পর্কে নির্দিষ্ট করে এখনই বলতে পারব না। তবে এটি ঠিক এমন কিছু ঘটলে সবাইকে জানিয়ে বেশ ধুমধামে আয়োজন করেই করব।’
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
