তফসিল বিষয়ে সিদ্ধান্ত আগামী ৪ নভেম্বর : সিইসি
Posted by: News Desk
November 1, 2018
এমএনএ রিপোর্ট : আগামী ৪ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) মিটিংয়ে তফসিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
সিইসি বলেন, সাক্ষাতকালে তফসিল বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে কোনো আলোচনা হয়নি। আগামী ৪ নভেম্বর ইসির মিটিংয়ে তফসিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কারণ হিসেবে তিনি বলেন, এটা অনানুষ্ঠানিক সক্ষাৎ। সক্ষাতে আগামী নির্বাচনের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। ভোটার তালিকা, কেন্দ্রসহ নির্বচনের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হযেছে। তিনি আমাদের প্রস্তুতিতে সন্তুষ্ট।
নির্বাচন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আগামী ৪ নভেম্বরের আগে কিছুই বলতে পারব না।
নির্বাচনের বিষয়ে তিনি আরও বলেন, ডিসেম্বরেই নির্বাচন হবে কিনা তা এখন বলা যাচ্ছে না। আমরা ৪ তারিখে বসব তারপর জানাতে পারব।
নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, আমাদের আস্থা আছে আশা করি সব দল অংশগ্রহণ করবে।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সিইসি কে. এম. নুরুল হুদার নেতৃত্বে চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বঙ্গভবনে প্রবেশ করেন।
বঙ্গভবনে ঢোকার আগে একজন নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, এটা একটা ফরমালিটিজ। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
একাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হওয়ার পর নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের এ আনুষ্ঠানিকতা শেষ করল সাংবিধানিক সংস্থাটি।
ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা ধরে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আজ বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা হয় ইসি সচিবালয়।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর আগামী শনিবার বসবে কমিশন সভা। ওই সভায় তফসিল চূড়ান্ত করা হবে। পরে তা জাতির উদ্দেশে দেয়া ভাষণে ঘোষণা করবেন সিইসি নুরুল হুদা।
বিষয়ে ৪ নভেম্বর সিইসি আগামী সিদ্ধান্ত তফসিল 2018-11-01