Don't Miss
Home / জাতীয় / দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসবই নয়, এটি সবার উৎসব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দুর্গাপূজা

দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসবই নয়, এটি সবার উৎসব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক বাণীতে এ আহ্বান জানান তিনি।

দেশের সনাতন ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।

শেখ হাসিনা বলেন, ‘আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব এক সঙ্গে পালন করি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে। সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে।’

সরকার করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং জনগণকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

x

Check Also

প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ...