Don't Miss
Home / অর্থনীতি / দুর্নীতি বাংলাদেশের নয়, এটা বৈশ্বিক সমস্যা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

দুর্নীতি বাংলাদেশের নয়, এটা বৈশ্বিক সমস্যা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

এমএনএ অর্থনীতি ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দুর্নীতি বাংলাদেশের নয়, এটা বৈশ্বিক সমস্যা। দুর্নীতি সমাজে বৈষম্য তৈরি করে। বিকাশ ও উন্নয়নে বাধা সৃষ্টি করে। আমি মনে করি, মানুষের মধ্যে দুর্নীতিবিষয়ক সচেতনতা তৈরি ও দুর্নীতিগ্রস্তদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। এজন্য সামাজিক আন্দোলনের বিকল্প নেই।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, একটা সময় ছিল ঘুসখোর, সুদখোর ও দুর্নীতিবাজদের সামাজিক গ্রহণযোগ্যতা ছিল না বললেই চলে। কিন্তু কালের বিবর্তনে সেই মূল্যবোধ হারিয়ে যেতে বসেছে। এখন শহর, নগর ও গ্রামসহ সবখানেই যেন টাকাওয়ালাদের জয়জয়কার। অথচ সেই টাকা কিভাবে এলো, সৎ পথে নাকি অসৎ পথে এসব নিয়ে কারও মাথাব্যথা নেই।

টাকা সামাজিক মর্যাদার মাপকাঠি হয়ে ওঠেছে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিবিদ, চাকরিজীবী, পেশাজীবী, কৃষক ও শ্রমিকরা সবাই যেন টাকার পেছনে দৌড়াচ্ছে। টাকা কীভাবে এলো সৎ পথে নাকি অসৎ পথে এসব নিয়ে ভাববার কারও ফুসরত নেই।

আবদুল হামিদ বলেন, বাংলাদেশ সব সময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিল। দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহিষ্ণুতা বাস্তবায়ন দেশের সমৃদ্ধি এনে দেবে। দুর্নীতিবাজকে সহায়তা করাও দুর্নীতি। দুর্নীতি দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, দুর্নীতি করলে শাস্তি পেতে হয়, সমাজে এটা প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি দমনে দুদক কর্মকর্তা- কর্মচারীদের সর্বোচ্চ নিরপেক্ষতা অবলম্বন করতে হবে। সর্সের ভিতর ভূত যেন না থাকে, তাহলে দুদক জনগণের কাছে আস্থা হারাবে।

সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুউদ্দীন আবদুল্লাহ বলেন, জীবনযাত্রার মান উন্নত হলেও সমাজ-রাষ্ট্রে দুর্নীতি বিরাজমান। এতে প্রতীয়মান হয় যে, মানুষ অভাবে নয় বরং লোভ ও স্বভাগতভাবেই দুর্নীতি করে থাকে। যারা দুর্নীতি করে তাদের মধ্যে কোনো দেশপ্রেম আছে বলে দুদক মনে করে না। সামান্যতম দেশপ্রেম থাকলে কোনো ব্যক্তির পক্ষে দুর্নীতি করা সম্ভব নয়।

দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতির মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া যায় না, দেশকে পিছিয়ে নেওয়া যায়। যারা দেশকে পিছিয়ে নেওয়ার কাজে জড়িত তারা কীভাবে দেশপ্রেমিক হতে পারেন। একজন দুর্নীতিবাজের পরিচয় শুধুই দুর্নীতিবাজ।

এ লক্ষ্যে দুদক দেশের সব বিভাগ, জেলা, উপজেলায় সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের সমন্বয়ে ৫০২টি কমিটি করে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

দুর্নীতিবাজরা কৌশলী হয়ে উঠেছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, তাদের আইনের আওতায় আনতে দুদক প্রশিক্ষত জনবল ও প্রযুক্তিনির্ভর তদন্তে গুরুত্ব আরোপ করেছে।

x

Check Also

যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ৩.৭ বিলিয়ন ডলারের উড়োজাহাজ চুক্তি করছে বিমান

বিশেষ প্রতিনিধি জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের শীর্ষ বিমান নির্মাতা বোয়িংয়ের সঙ্গে বহুল ...