Don't Miss
Home / প্রচ্ছদ / দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু ১৬ মার্চ

দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু ১৬ মার্চ

এমএনএ প্রতিবেদক

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সরকারের ঘোষণায় বলা হয়েছে, চার বছর মেয়াদি এ কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন করা হবে। এটি বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রতিমন্ত্রী জানান, ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জাতীয় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। একই দিনে আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট জেলার মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ এলাকায় কর্মসূচির উদ্বোধন করবেন।

তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

খাল খনন কার্যক্রমে স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, খননকাজে যন্ত্রপাতির ব্যবহার সীমিত রেখে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সাধারণ শ্রমিকদের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া কিছু ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচিতে সম্পৃক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

খাল খননের নামে অতীতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এবার জনসম্পৃক্ততা বাড়িয়ে এবং স্থানীয় পর্যায়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের সরাসরি তদারকির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মীর শাহে আলম বলেন, “এটি একটি রাজনৈতিক অঙ্গীকার এবং একই সঙ্গে জনবান্ধব কর্মসূচি।”

x

Check Also

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল ...