Don't Miss
Home / আইন আদালত / দেশত্যাগে নিষেধাজ্ঞার মধ্যেই পাসপোর্ট পেতে তদবির করছেন আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম

দেশত্যাগে নিষেধাজ্ঞার মধ্যেই পাসপোর্ট পেতে তদবির করছেন আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম

এমএনএ প্রতিবেদক

সাবেক স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া–এর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন–এর পাসপোর্ট প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি সাধারণ পাসপোর্ট পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত ১৫ মার্চ আগারগাঁওয়ের ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসে সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন মোয়াজ্জেম হোসেন। আবেদনটি ছিল ‘সুপার এক্সপ্রেস’ ক্যাটাগরিতে, যেখানে সাধারণত তিন কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হয়। তবে আবেদন করার ১৫ দিন পেরিয়ে গেলেও তিনি এখনো পাসপোর্ট পাননি।

পাসপোর্ট অধিদফতরের একাধিক কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে চলমান দুর্নীতি অনুসন্ধান এবং দেশত্যাগের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আবেদনটি নিয়ে শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিল কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে পাসপোর্ট দ্রুত ইস্যু করা হলে তিনি দেশত্যাগ করতে পারেন—এই আশঙ্কা থেকেই সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে।

এর মধ্যে ৩০ মার্চ আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন, যা সিআইডির আবেদনের ভিত্তিতে জারি হয়। আবেদনটি করেন সিআইডির উপপরিদর্শক মো. আবদুল হান্নান

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের নিষেধাজ্ঞার পর এখন পাসপোর্ট ইস্যু করা হবে কি না—সে বিষয়ে মন্ত্রণালয়ের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রণালয়ের চূড়ান্ত নির্দেশনার ওপরই নির্ভর করছে পাসপোর্ট প্রদান।

আবেদনে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে মোয়াজ্জেম হোসেন তদবির–বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অর্থ সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে বলেও তদন্তে উঠে এসেছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলছে।

এদিকে, পাসপোর্ট প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়ায় তিনি বিভিন্ন মহলের মাধ্যমে তদবির চালাচ্ছেন বলেও জানা গেছে। তবে বর্তমান পরিস্থিতিতে তার পাসপোর্ট পাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...