দেশের প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি
Posted by: News Desk
September 30, 2018
এমএনএ রিপোর্ট : স্বাধীনতার ৪৭ বছর পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল হলেন সুসানে গীতি। আর্মি মেডিকেল কোরের অধ্যাপক মেজর জেনারেল সুসানে গীতিকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়।
আজ রবিবার সেনাবাহিনী সদর দপ্তরে তাকে র্যাংক পরিয়ে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ এবং সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক।
পদোন্নতি পাওয়ায় সুসানে গীতি এখন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজিতে কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই তথ্য জানিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ইতিহাসে তিনিই প্রথম নারী মেজর জেনারেল।
বর্তমানে বাংলাদেশে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার, সংসদ উপনেতার দায়িত্বেও নারীরা সমাসীন। এই সরকার আমলেই সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নারীদের দায়িত্ব পালন শুরু হয়।
আইএসপিআর জানায়, সুসানে গীতি ১৯৮৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে নারী চিকিৎসক হিসেবে ক্যাপ্টেন পদে যোগ দেন। তিনি ১৯৯৬ সালে প্রথম নারী হিসেবে হেমাটোলজিতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।
ডা. সুসান গীতি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বিভিন্ন সামরিক হাসপাতালে প্যাথলজি বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত।
সেনাবাহিনীর মেডিকেল কোরের কর্মকর্তা সুসানে গীতির স্বামী ব্রিগেডিয়ার জেনারেল আসাদুল্লাহ মো. হোসেন সাদ একজন সফল সামরিক বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন বলে জানায় আইএসপিআর।
সুসানে গীতি দেশের জেনারেল মেজর প্রথম নারী 2018-09-30