দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
Posted by: News Desk
April 11, 2018
এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। কোটা সংস্কারের দাবিতে তাঁরা মিছিল করছেন। প্ল্যাকার্ড, ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন।
কোটা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত দাবিতে অনড় তাঁরা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা বিভিন্ন বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের তথ্য পাঠান। এ নিয়ে আমাদের এই প্রতিবেদন:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়
কোটা সংস্কারের দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় বসে নানা স্লোগান দিচ্ছেন। দাবিতে তাঁরা অনড়।
বিশ্ববিদ্যলয়ের প্রক্টর মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছে। তাদের বুঝিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢোকানোর চেষ্টা করছি। কিন্তু তারা শুনছে না।
পুলিশ সুপার এসএম মেহেদী হাসান বলেন, আমরা শান্তিপুর্ণভাবে তাঁদের সরানোর চেষ্টা করছি। তাঁরা সরছেন না। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। ৫০ থেকে ৬০ জন পুলিশ রাস্তার পাশে অবস্থান নিয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কোটা সংস্কারের দাবি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। সকাল সাতটা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তাঁরা। কোটা সংস্কার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম সানি গণমাধ্যমকে বলেন, অনির্দিষ্টকালের জন্য তাঁরা অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ৫০০ জনের বেশি শিক্ষার্থী জড়ো হয়ে নানা স্লোগান দিচ্ছেন। কেউ কেউ প্ল্যাকার্ড বহন করছেন। ‘কোটাপ্রথা সংস্কার চাই’, ‘কোটার সংস্কার আনবে বেকারত্ব থেকে মুক্তি’, ‘মেধাবীদের কান্না আর না আর না’—এ ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাঁরা। প্রধান ফটকের সামনে অবস্থানের কারণে সাধারণ শিক্ষার্থীদের পরিবহনকারী বাস চলছে না। বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগেই ক্লাস, পরীক্ষা বন্ধ রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
কোটা সংস্কারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ওই সড়কের দুই দিকেই শত শত গাড়ি আটকা পড়েছে। কোটা সংস্কারের দাবিতে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের সামনের প্রান্তিক গেট থেকে এনএইচ গেট পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।
তাঁরা কেটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। অবরোধ শুরুর প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ দেখা গেলেও এখন আশপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যাচ্ছে না।
-

-

-
কোটা সংস্কার দাবিতে সকাল আটটা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শ্লোগানে মুখরিত করে রেখেছেন।
-

-
কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
-

-
কোটা সংস্কারের দাবি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।
-

-
কোটা সংস্কারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই সড়কের দুই দিকেই শত শত গাড়ি আটকা পড়েছে।
-

-
কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম ষোলোশহর এলাকায় শাটল ট্রেন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
-

-
ঢাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও দাবির সমর্থনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এ দাবিতে বর্তমানে ষোলোশহর এলাকায় ট্রেন আটকে তাঁরা স্লোগান দিচ্ছেন। সকাল থেকে শাটল ট্রেনটি মাত্র তিনবার বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করেছে। ষোলোশহর স্টেশনমাস্টার এস এম শাহাবুদ্দিন বলেন, আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ট্রেন চলাচল আপাতত বন্ধ। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। সরেজমিনে দেখা যায়, কোটা সংস্কারের দাবিতে প্রায় ৫০০ শিক্ষার্থী ট্রেন অবরোধ করেছেন।
‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা প্রথার ঠাঁই নাই’, ‘বৈষম্য চাই না’—এসব স্লোগানের পাশাপাশি বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড হাতে রয়েছে শিক্ষার্থীদের। আন্দোলনকারী শিক্ষার্থী আলী রেজা বলেন, কোটাপ্রথা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। কোনো অপশক্তি তাঁদের রুখতে পারবে না। শিক্ষার্থীর বলছেন, সরকারের কাছে একটাই দাবি, দ্রুত কোটা সংস্কার করতে হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ঢাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও দাবির সমর্থনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনের সামনে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
সকাল ১১টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের পার্শ্ববর্তী কৃষি অনুষদ করিডোরে অবস্থান করছেন। সেখানে হামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। আজকের আন্দোলনে স্বত:স্ফুর্তভাবে অংশ নিয়েছেন ছাত্রীরা। এর আগে কোটা সংস্কারের আন্দোলনে মেয়েদের অংশগ্রহণ তেমন লক্ষণীয় ছিল না। আজ সহস্রাধিক ছাত্রী সকাল থেকেই প্রশাসন ভবনের সামনে জড়ো হয়েছেন। অনেকেই বিভিন্ন দাবির প্ল্যাকার্ড বহন করছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়
কোটা সংস্কার দাবিতে সকাল আটটা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শ্লোগানে মুখরিত করে রেখেছেন। আজ বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর এলাকায় শিক্ষার্থীর অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
এছাড়াও এদিকে কোটা সংস্কারের দাবিতে আজ বুধবারও আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে তারা পান্থপথ, তেজগাঁও, ফার্মগেট, মিরপুর রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওইসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ধানমন্ডিতে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও ফার্মগেটের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে স্লোগান দিচ্ছেন।
এরআগে গতকাল মঙ্গলবারও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের আন্দোলনের কারণে গত মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে রামপুরা থেকে বসুন্ধরা পর্যন্ত বীরউত্তম রফিকুল ইসলাম এভিনিউ এবং প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন নাগরিকরা।
রামপুরা ব্রিজের কাছে ইস্ট ওয়েস্ট, বসুন্ধরা গেটে নর্থ সাউথ, ইনডিপেনডেন্ট ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এআইইউবি এবং নতুনবাজার এলাকায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত সোমবারও রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে আধাঘণ্টা বিক্ষোভ করেছেন। গত মঙ্গলবার তারা একই জায়গায় অবস্থান নিলে রামপুরা ব্রিজ হয়ে বাড্ডাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ইউআইটিএসের শিক্ষার্থীরা অবস্থান নেন ভাটারা থানার সামনে থেকে শুরু করে বাড্ডা-রামপুরাগামী সড়কে। ফলে রামপুরা থেকে নতুন বাজার হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান গেটে অবস্থান নেন। পরে ইনডিপেনডেন্ট, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ও এআইইউবির শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিলে প্রগতি সরণির দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীদের দেশের বিক্ষোভ 2018-04-11