Don't Miss
Home / হোম স্লাইডার / দেশের ১৮ জেলায় উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

দেশের ১৮ জেলায় উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

এমএনএ রিপোর্ট : সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও দেশের ১৮টি জেলার সহস্রাধিক গ্রামে  আজ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

আজ  বুধবার দিনাজপুর, জামালপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নোয়াখালি, মৌলভীবাজার, ঝিনাইদহ, চাঁদপুর, নারায়ণগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, পটুয়াখালী,  ফরিদপুর, শরীয়তপুর, শেরপুর,  লালমনিরহাট, ভোলা ও বরগুনা জেলার কয়েকটি গ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষ শামিল হন ঈদের জামাতে।

দিনাজপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর সদরসহ চারটি উপজেলার ১৭টি গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সকাল সাড়ে আটটার দিকে শহরের চারুবাবুর মোড় এলাকার ‘পার্টি সেন্টার’ নামে একটি কমিউনিটি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Eid ul Fitr ২২

এ ছাড়া জেলার বিরল উপজেলার ভাড়াডাঙ্গী বাজার, চিরিরবন্দর উপজেলার রাবার ড্যামও সাইতাড়া, কাহারোল উপজেলার রসুলপুর ও গড়েয়া বাজার এলাকার ১৭ গ্রামে ঈদের জামাত হয়েছে।

জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রশাসন ও পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীর ভাটারার পাখাডুবি, পৌরসভার বলারদিয়ার, মহাদানের খাগড়িয়া, উচ্চগ্রাম, সানাকৈর, সাতপোয়া ইউপির দামেরবাড়ি ও উত্তর বলারডিয়ার গ্রামে আজ সকাল সাড়ে নয়টার দিকে চার শতাধিক মুসল্লি উত্তর বলারগিয়ার ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।

ঈদগাহ মাঠের ইমাম মো: আজিম উদ্দিন জানান, আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী ২০০৩ সাল থেকে তারা ঈদ উদযাপন করছেন।

লক্ষ্মীপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মত এবারও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ও কাঞ্চনপুর ইউনিয়নের সাতটি গ্রাম ও রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কয়েকশ’ পরিবার বুধবার ঈদুল ফিতর উদযাপন করছেন।

এ সব গ্রামের পাঁচ শতাধিক মুসল্লি বিভিন্ন ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর হোসেন বলেন, চারটি ইউনিয়নের তিন শতাধিক পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল ফিতর উদযাপন করছেন। সকাল ৯টায় বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

Eid ul Fitr ২৪

চট্টগ্রাম : চট্টগ্রামের সাত উপজেলার ৩০ গ্রামে আজ সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল ফিতর। একদিন আগে ঈদুল ফিতর উদযাপনকারীদের অধিকাংশই চট্টগ্রামের সাতকানিয়ার সিলসিলিয়া আলিয়া জাহাগীর পীর দরবার শরিফের অনুসারী।

নোয়াখালী : জেলার সদর, বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলার ৭ গ্রামের কয়েকটি পরিবার আরববিশ্বের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। ঈদকে ঘিরে এলাকা গুলোর কিছু মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে।

আজ সকাল সাড়ে ১০টায় বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউপির বসন্তেরবাগ গ্রামের মুন্সি বাড়ী জামে মসজিদ, জিরতলী ইউপির ফাজিলপুর গ্রামে দায়রা বাড়ী দরজায় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

গ্রামগুলো হচ্ছে, সদর উপজেলার কারিতারা, জয়কৃষ্ণপুর, অশ্বদিয়া, পশ্চিম মহাদেবপুর, বেগমগঞ্জ উপজেলার বসন্তেরবাগ গ্রাম, জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রাম, সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বনশালা গ্রামের কিছু পরিবার।

স্থানীয় অনুসারীরা জানান, তারা চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফ (চাঁদ টুপি) পীর সাহেবের অনুসারি হয়ে বিগত ২‘শ বছর ধরে এভাবে আগাম ঈদ পালন করে আসছে।

অগ্রিম ঈদ পালন করার ব্যাপারে প্রচলিত ধারণা হচ্ছে, অবিভক্ত নোয়াখালীর রসিদপুর গ্রামে মাওলানা আবদুল হামিদ ১৯২৫ সালে মত প্রচার করেন হানাফী, মালেকী, হাম্বলী মাজহাব Eid ul Fitrমতামতের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের সব দেশে একই দিনে ঈদুল ফিতর, ঈদুল আযহা, রমজান, শবেবরাত, শবে মেরাজ ও শবে কদর প্রভৃতি পালিত হবে।

এদিকে ঈদকে ঘিরে সকাল থেকে বেগমগঞ্জ উপজেলার উত্তর বসন্তেরবাগ সরকারী প্রাথমিক মাঠে বসেছে শিশুকিশোরদের ঈদ মেলা। বিভিন্ন সামগ্রীর পশরা সাজিয়ে বসেছে দোকানীরা।

মৌলভীবাজার : সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ মৌলভীবাজার জেলার বিভিন্নস্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে সহস্রাধিক মুসল্লী অংশ নেন।

মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে বুধবার সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাযে বিভিন্ন এলাকা আগত নারী ও পুরুষ অংশ নেন।

এছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

উজাণ্ডি পীর আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরীর অনুসারীরা ২০০৭ সাল থেকে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা শুরু ও ঈদ পালন করে আসছে।

ঝিনাইদহ : জেলার হরিণাকুণ্ডু উপজেলার ১৩টি গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরই ঈদ উদযাপন করে থাকেন তারা।

 আজ  সকাল ৮টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার আব্দুল কাদের দুলদুলের ধানের চাতালের অস্থায়ী ঈদগাহে তারা ঈদের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন পায়রাডাঙ্গা জামে মসজিদের ইমাম আসাদুজ্জামান।

Eid ul Fitr ২৫আসাদুজ্জামান জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডু উপজেলার ভালকী, পায়রাডাঙ্গা, বৈঠাপাড়া, কুলবাড়িয়া, বোয়ালিয়া, পার্বতীপুরসহ ১৩ গ্রাম থেকে শতাধিক মুসল্লি একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন।

চাঁদপুর : সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের চারটি উপজেলার ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে আজ সকাল ১০টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন পীরজাদা আরিফ চৌধুরী।

জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পীর ডা. ইসহাকের ভক্ত-অনুসারীরা শত বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রমজান ও ঈদ করে আসছেন।

নারায়ণগঞ্জ : সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় একটি মাদ্রাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ  সকাল সাড়ে ১০টায় হানাফি অনুসারী মুসলমান সম্প্রদায়ের মানুষ মমতাজিয়া হেফজ ও এতিমখানা মাদ্রাসায় ঈদের এই জামাতে অংশ নেন। মুসল্লিরা কেউই স্থানীয় বাসিন্দা নন।

জানা যায়, গাজীপুর, সাভার, পুরান ঢাকা, কালীগঞ্জ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ও মুন্সীগঞ্জ থেকে এসে প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুলআজহার নামাজ আদায় করেন এ সম্প্রদায়ের মুসলমানরা।

মাদারীপুর : সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের চার উপজেলার ৫০ গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন।

 আজ  জেলার চারটি উপজেলার ৫০ গ্রামের ৫০ হাজারের বেশি ধর্মপ্রাণ মুসলমান ঈদুল ফিতর উদযাপন করছেন।

Eid ul Fitr ২৩সুরেশ্বর দায়রা শরিফের প্রধান গদিনসীন পীর খাজা শাহ সুফি সৈয়্দ নূরে আক্তার হোসাইন জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৬৯টি দেশে চাঁদ দেখা যাওয়ায় আজ ওই সব দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সুরেশ্বর দায়রা শরিফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর অনুসারীরা ১৪৫ বছর আগে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।

পিরোজপুর : পিরোজপুরের আট গ্রামের ছয় শতাধিক পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদ উদযাপন করছেন। তারা সৌদি আরবের সঙ্গে একই দিন রোজাও শুরু করেন।

আজ সকাল ১০টায় সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের ফরহাদ মেম্বরের বাড়ি ও ভাইজোড়া গ্রামের খোন্দকার বাড়িতে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়।

তারা শরীয়তপুরের নাড়িয়া উপজেলার সুরেশ্বর পীরের অনুসারী। সাপলেজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজ মিয়া সাপলেজা ইউনিয়নের ছয় গ্রামে ঈদ উদযাপনের কথা জানান।

পটুয়াখালী : পটুয়াখালী জেলার বদরপুর, আউলিয়াপুর, পূর্ব কেওয়াবুনিয়াসহ কয়েকটি গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

কলাপাড়া, রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলার ১০ সহস্রাধিক বাসিন্দা উদযাপন করছে পবিত্র ঈদুল ফিতর ।

শরীয়তপুর : আজ শরীয়তপুর জেলার ৩০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা সৈয়দ জান শরীফ শাহ সুরেশ্বরী ওরফে মাওলানা আহাম্মদ আলীর আমল থেকে চন্দ্র মাস গণনা সাপেক্ষে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ দরবারে রোজা ও ঈদ উদযাপন করা হচ্ছে।

Eid ul Fitr ২৭ফরিদপুর :  ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার ৫ এবং আলফাডাঙা উপজেলার দুই গ্রামে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

শেরপুর :   শেরপুর জেলার ৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ উদযাপিত হচ্ছে  পবিত্র ঈদুল ফিতর।

লালমনিরহাট : জেলার কালীগঞ্জ উপজেলার ৫ গ্রামে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। আজ সকালে উপজেলার হাড়িশ্বরের মুন্সিপাড়া, তুষভান্ডারের বগুড়াপাড়া, চন্দ্রপুরের বালাপাড়া, কাকিনার মিলনবাজার ও পানিখাওয়ার ঘাট গ্রামে পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে মুসল্লীরা নামাজ আদায় করেন।

হাড়িশ্বর মুন্সিপাড়া গ্রামের ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা আব্দুল আজিজ ও জামাতের খতিব মওলানা ইমান আলী জানান, গত ৬ বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে এসকল এলাকায় ঈদুল ফিতর, ঈদুল আজহা, শব-ই ক্বদর, শব-ই বরাত, শব-ই মেরাজ ও রমজানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন তারা।

ভোলা : ভোলা জেলার বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও লালমোহন উপজেলার ৯টি গ্রামে আজ ঈদ উৎসব পালিত হচ্ছে।

সৌদি আরবের সঙ্গে মিল লেখে বোরহানউদ্দিনন উপজেলার টবগী ইউনিয়নের তিনটি ওয়ার্ডে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানান, ওসি রতন কৃষ্ণ চৌধুরী।

সুরেশ্বরী মতালম্বী জেলার পাঁচ হাজার পরিবার প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উৎসব পালন করে আসছে।

এছাড়া বরগুনার বিভিন্ন গ্রামেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ।

x

Check Also

সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করে তোলা: প্রধানমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ...