এমএনএ জাতীয় ডেস্কঃ বাংলাদেশের প্রায় ৮৫ ভাগ মানুষ নিরাপদ পানির নিশ্চয়তা পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার জাপানের কুমামোটোতে অনুষ্ঠিত দু’দিনব্যাপী চতুর্থ এশিয়া প্যাসিফিক ওয়াটার সামিটে ভিডিও বার্তায় তিনি কথা বলেন।
কুমামোটো সিটি ও এশিয়া প্যাসিফিক ওয়াটার সিটি যৌথ ভাবে এ সামিটের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘পানি জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। মানবজীবনের টেকসই উন্নয়নের জন্য পানির সঠিক ব্যবহারও জরুরি। পানির কারণে জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব সম্পর্কে বাংলাদেশ বেশ ভালো ভাবেই সচেতন রয়েছে।’
তিনি বলেন, ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ভালো অনুশীলন, জ্ঞান ও তথ্য-প্রযুক্তি ভাগাভাগি করে নিতে হবে। আজকের মানুষ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পানি সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে দায়বদ্ধ। এর মধ্যে পানি সংক্রান্ত এসডিজিও রয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা জলবিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনাসহ আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে কাজ করছি। আমাদের তরুণদের অবশ্যই ক্ষমতায়ন করতে হবে, যারা পানির অন্তর্ভুক্তি দক্ষতা ও স্থায়ীত্বের জন্য কাজ করবে।’
তিনি বলেন, ‘আমরা খোলামেলা ভাবে মলত্যাগের বিষয়টি প্রায় শেষ করে ফেলেছি। ৮৫ শতাংশ মানুষের জন্য স্যানিটেশন নিশ্চিত করা হয়েছে। পানিবাহিত রোগের বিরুদ্ধে আমরা বিজয়ী হতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘পানি সংক্রান্ত ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল। বন্যার বাঁধ, সাইক্লোন শেল্টার, উপকূলীয় পোল্ডার, গ্রিন বেল্ট, ভাসমান কৃষি, নদী খনন, শহরের পানির নিষ্কাশন ব্যবস্থাপনায় বিনিয়োগকে বাংলাদেশ উদারতার সঙ্গে উৎসাহিত করে।’
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

