দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
Posted by: News Desk
May 12, 2019
এমএনএ অর্থনীতি রিপোর্ট : গরমে বিদ্যুতের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদনও বাড়িয়ে চলেছে বিদ্যুৎ বিভাগ। গতকাল শনিবার দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড তৈরি হয়েছে। গতকাল ১২ হাজার ৪১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যা বিগত দিনের চেয়ে সর্বোচ্চ। খবর বাসসের।
সারাদেশে বয়ে যাওয়া তাপদাহ থেকে বাঁচতে দেশবাসী বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে ফ্যান, এসি ও পানির পাম্পের মতো যন্ত্রপাতি চালাচ্ছে। ফলে বিদ্যুতের চাহিদা ক্রমে বাড়ছে। বাড়তি চাহিদা সামাল দিতে বিদ্যুৎ বিভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ গ্রাহকদের চাহিদা মেটাতে দিনের পিক আওয়ারে আমাদের সক্ষমতা অনুযায়ী বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন করছি। এরই ধারাবাহিকতায় শনিবার দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, নির্মাণাধীন কয়েকটি প্রকল্পে আগামী কয়েক মাসের মধ্যে উৎপাদন শুরু হলে বিদ্যুৎ আরও স্থিতিশীল হবে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার বিদ্যুতের উৎপাদন ২০২১ সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
পিডিবি দাবি করেছে, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। পিডিবি সারাদেশে বিদ্যুতের ঘাটতি জিরো লেভেলে নামিয়ে আনতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে বলেন, বিদ্যুতের বর্তমান চাহিদা মেটাতে আমরা সক্ষম। বিদ্যুৎ গ্রাহকদের চাহিদা মেটাতে দিনের পিক আওয়ারে আমাদের সক্ষমতা অনুযায়ী বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন করছি।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। আমরা আমাদের লক্ষ্য বাস্তবায়নে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বাধুনিক যন্ত্রপাতি স্থাপনের প্রচেষ্টা চালাচ্ছি।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে দেশে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে ৫৩ টি বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যাবে। সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইন সম্প্রসারণ করেছে।
পিডিবি সূত্রে জানা গেছে, দেশে ২৯ এপ্রিল সর্বোচ্চ ১২ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, ২৫ এপ্রিল উৎপাদিত হয়েছিল ১২ হাজার ৬৭ মেগাওয়াট এবং ২৪ এপ্রিল উৎপাদিত হয়েছিল ১২ হাজার ০৫৭ মেগাওয়াট বিদ্যুৎ।
রেকর্ড বিদ্যুৎ দেশে উৎপাদনের সর্বোচ্চ 2019-05-12