দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণা
Posted by: News Desk
June 19, 2019
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২০ সালের আসন্ন নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক র্যালিতে অংশ নিয়ে হাজার হাজার সমর্থকের সামনে তিনি এই ঘোষণা দেন।
প্রার্থীতা আগে ঘোষণা করলেও মঙ্গলবার থেকে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বলে জানিয়েছে বিবিসি।
২০১৬ সালের নির্বাচনে ফ্লোরিডা ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীর অন্যতম প্রধান লড়াইক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছিল। সেবার অল্প ভোটে হিলারিকে হারিয়ে ডেমোক্রেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ রাজ্যটির সব ইলেকটোরাল ভোট ছিনিয়ে নিয়েছিলেন ট্রাম্প।
অরল্যান্ডোতে প্রচার সমাবেশের শুরুতে রিপাবলিকান প্রেসিডেন্ট ফ্লোরিডাকে ‘দ্বিতীয় বাড়ি’ অ্যাখ্যা দিয়ে তাকে চার বছরের জন্য ফের নির্বাচিত করতে সমর্থকদের আহ্বান জানান।
ট্রাম্প এ সময় ডেমোক্র্যাটদের সমালোচনায় মুখর হয়ে ওঠেন। তিনি বলেন, ডেমোক্র্যাটরা আমাদের দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আমরা আমেরিকাকে আবারও মহান করব।
আগের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে খড়্গহস্ত হওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবারের প্রচারে তার ধারাবাহিকতা রক্ষায় জোর দেন তিনি।
ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীরা মেক্সিকো সীমান্ত অতিক্রম করা অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে পারে বলেও সতর্ক করেছেন ট্রাম্প।
অরল্যান্ডোর অ্যামওয়ে সেন্টারের বাইরে ট্রাম্পের অপেক্ষায় অনেক সমর্থক সোমবার সকাল থেকেই অবস্থান করছিলেন বলে জানিয়েছে বিবিসি।
সমাবেশে ঢোকার লাইনে দাঁড়িয়ে থাকা বেশিরভাগ রিপাবলিকান সমর্থকই অভিবাসন ও অর্থনীতি নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন, প্রতিবেদনে এমনটাই বলেছে সিবিএস নিউজ।
জরিপ সংস্থা গ্যালাপ বলছে, দায়িত্ব নেওয়ার পর থেকে কখনোই ট্রাম্পের সমর্থন ৪৬ শতাংশের ওপরে ওঠেনি। গত মাসে এ সমর্থন নেমে এসে ৪০ শতাংশে দাঁড়িয়েছে।
ট্রাম্পের পছন্দের জরিপ প্রতিষ্ঠান রাসমুসেনের রেটিংয়েও মার্কিন প্রেসিডেন্টের প্রতি জনসাধারণের আস্থা কখনোই ৪৮ শতাংশের ওপরে দেখা যায়নি।
ফক্স নিউজের জনমত জরিপে ২০২০-র নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করা সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়েও ট্রাম্পের জনপ্রিয়তা ১০ পয়েন্ট কম দেখা গেছে।
আরেক জনপ্রিয় ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্সের চেয়েও ট্রাম্প পিছিয়ে আছেন ৯ পয়েন্ট।
জরিপে মার্কিন প্রেসিডেন্টের চেয়ে এলিজাবেথ ওয়ারেন ও কমলা হ্যারিসকেও সামান্য ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।
ট্রাম্প সমর্থকরা অবশ্য এসব জরিপকে মোটেও আমলে নিচ্ছেন না। তারা বলছেন, ২০১৬-র নির্বাচনের আগেও বিভিন্ন জরিপে রিপাবলিকান প্রার্থীকে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বির পেছনেই দেখানো হয়েছিল। ফলাফলে দেখা গেছে তার উল্টোটা।
ট্রাম্প বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। তিনি ২০১৫ সালের ১৬ জুন প্রথম রিপাবলিকান পার্টির অধীনে ২০১৬ সালের নির্বাচনে তার মনোনয়ন প্রার্থিতা ঘোষণা করেন। এবং ২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৩০৬টি ইলেক্টরাল ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।-বিবিসি
নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় প্রচারণা মেয়াদে 2019-06-19