Don't Miss
Home / জাতীয় / দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হবে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী

দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হবে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী

সংসদ প্রতিবেদক

প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে দ্রুততম সময়ের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে অনুষ্ঠিত হয় এবং সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগে। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া, ভোটকেন্দ্র নির্ধারণ ও সংস্কার এবং কর্মকর্তাদের প্রশিক্ষণসহ নানা বিষয় বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করতে হয়। এ জন্য তফসিল ঘোষণার আগে অন্তত ৪৫ দিনের প্রস্তুতি প্রয়োজন হয়।

পাবনা-৫ আসনের বিএনপি সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি জানান, জাতীয় কিংবা স্থানীয় কোনো নির্বাচনেই আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

মন্ত্রী বলেন, ২০১৮ থেকে ২০২৪ মেয়াদে দেড় লাখ ইভিএম কেনার জন্য তিন হাজার ৮২৫ কোটি ৩৪ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে কেনা এই প্রকল্প নিয়ে অডিট আপত্তি এবং দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলমান রয়েছে। বর্তমানে অব্যবহৃত ইভিএমগুলো বিভিন্ন গুদাম ও বিএমটিএফে সংরক্ষিত আছে।

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২০২৪ সালের ডিসেম্বরে জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুরকুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের সুপারিশ করেছে।

প্রস্তাব অনুযায়ী, ফরিদপুর বিভাগে ঢাকা বিভাগের পাঁচটি জেলা—ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর অন্তর্ভুক্ত হবে। তিনি বলেন, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

x

Check Also

সৌদিতে কর্মী পাঠাতে ৯৯০টি রিক্রুটিং এজেন্সির জবাবদিহিতা, ব্যয় কমানোর ওপর গুরুত্ব

এমএনএ প্রতিবেদক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ...