Don't Miss
Home / হোম স্লাইডার / ধৈর্যের সীমা অতিক্রম করলেই ব্যবস্থা : আসাদুজ্জামান খান

ধৈর্যের সীমা অতিক্রম করলেই ব্যবস্থা : আসাদুজ্জামান খান

এমএনএ রিপোর্ট : বর্তমান পরিস্থিতি ধৈর্যের সীমা অতিক্রম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রবিবার গুলিস্তান জিরো পয়েন্টে দেশব্যাপী ট্রাফিক সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

গত রবিবার রাজধানীর কুর্মিটোলায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হয়। এরপর নিরাপদ সড়কসহ ৯ দফা দাবি নিয়ে ঢাকাসহ পুরো দেশে শিক্ষার্থীরা রাস্তায় নামে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আমি আগেও বলেছি। বর্তমানে শিক্ষার্থীদের আন্দোলন অন্যদিকে মোড় নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আপনারা দেখেছেন হাজার হাজার আইডি কার্ড গলায় ঝোলানো হয়েছে। একটিও স্কুলের ছাত্র নয়, সব প্রাপ্তবয়ষ্ক। এসময় তিনি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনী ধৈর্যের পরিচয় দিচ্ছে। তার মানে এই নয় যে তারা অরাজকতা করতেই থাকবেন, আর আমরা দৃশ্য দেখতে থাকব। মোটেই নয়, আমাদেরও ধৈর্যের সীমা রয়েছে। সেটি অতিক্রম করলেই ব্যবস্থা নেয়া হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ‘ফোনালাপের’ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি (খসরু) আমাদের কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। তিনি সবার কাছে সম্মানিত।’

গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেই ক্লিপে কুমিল্লায় থাকা নওমি নামের এক কর্মীর সঙ্গে একজনকে কথা বলতে শোনা যায়। অভিযোগ ওঠে, ওই একজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ওই ফোনালাপে তিনি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে লোকজনকে নামানোর কথা বলেন।

মন্ত্রী ট্রাফিক পুলিশদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে এবং জনসাধারণকে ও পরিবহনকর্মীদের ট্রাফিক আইন মেনে চলতে আহ্বান জানান।

তিনি বলেন, পাকিস্তানে কী ঘটেছে, সেটি এনে এখানে দেখানো হচ্ছে। দিল্লিতে কী ঘটেছে, আমাদের ২০১৩-১৪ সালের ছবি দৃশ্য দেখাচ্ছে।

তিনি আরও বলেন, নেতাদের বিরুদ্ধে আপত্তিকর কমেন্টস পোস্ট করছে। এগুলো বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে তারা। আমরা বলব- তারা এগুলো পরিহার না করলে আমরা ব্যবস্থা নেব।

শিক্ষার্থীদের আন্দোলন বন্ধের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তাদের দাবি অপূর্ণ নেই। নয়টির মধ্যে দুটি দাবি, যেমন- আইনের কথা বলেছে, সেটির সময় লাগবে, আগামীকাল সেটি কেবিনেটে উঠছে। আন্ডারপাসও প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, সেটিরও কাজ শুরু হবে। কাজেই এখন আর কিছু নেই। তাই আপনাদের মাধ্যমে বলব, তারা যেন রাস্তা থেকে ফিরে যায়, উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...