এমএনএ অর্থনীতি রিপোর্ট : সফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দায়িত্ব এখন নতুন পরিচালনা পর্ষদের হাতে।
আজ রবিবার বিকালে রাজধানীর মতিঝিলে ফেডারেশেন ভবনে সদ্য সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় নতুন পর্ষদ।
হয়রানী মুক্ত অনুকূল ও ব্যবসায়িক পরিবেশ চায় এফবিসিসিআই। আজ রবিবার বেলা তিনটার দিকে ২০১৭-২০১৯ মেয়াদের এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এই দাবি করেন।
পরে নতুন সভাপতি মহিউদ্দিন বলেন, ব্যবসায়ী শ্রেণির মান সম্মান মর্যাদা সমুন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। পিছিয়ে পড়া ব্যবসায়ী সংগঠনগুলোকে ফেডারেশনের অন্তর্ভুক্ত করব। যেসব ক্যাটাগরিতে তারা পিছিয়ে সেগুলো দূর করতে প্রয়োজনে প্রশিক্ষণ দেব।
এসএমই সেক্টরের জন্য অনেক কিছু করার আছে। সঠিক জ্ঞান ও গবেষণালব্ধ তথ্যের অভাবে ক্ষুদ্র ও মাঝারি খাতের শিল্প এগোতে পারছে না। ফেডারেশনের পক্ষ থেকে আমরা এসব সহযোগিতা দেব।
তিনি বলেন, আগামী দিনে সুন্দর ও ব্যবসায়িক অনুকূল পরিবেশের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ গড়তে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে এফবিসিসিআই। এই সংগঠনকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেব প্রকৃতপক্ষে দাঁড়াতে গবেষণামূলক কাজ করতে হবে। এছাড়া, নতুন উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মাতলুব বলেন, ফেডারেশনের সদস্যদের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমার কোনো দুঃখবোধ নাই। আশা করছি, নতুন-পুরনোদের মিলে বর্তমান পর্ষদ ভালভাবেই কাজ এগিয়ে নেবে।
পুরনোদের মধ্যে ৬৭ শতাংশ নতুন পর্ষদে রয়েছে বলে জানান তিনি।
সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমদ নবনির্বাচিত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের হাতে দায়িত্ব অর্পণ করেন। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আলী আশরাফ এমপি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাচনের দায়িত্বে থাকা সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ।
এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিম ও সহ-সভাপতি মোনতাকিম আশরাফকে পরিচয় করিয়ে দেন তিনি।
প্রসঙ্গত, নবনির্বাচিত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এফবিসিসিআইয়ের ২৩ তম সভাপতি হলেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

