এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা বিনিময় হয়েছে। ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। আমন্ত্রণ পেয়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেছেন ট্রাম্প।
গতকাল রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আরব ইসলামিক আমেরিকান সামিটে’ ৪০টি মুসলিম দেশের নেতাদের সম্মেলনে অংশ নেন ট্রাম্প ও শেখ হাসিনা।
এ সময় শেখ হাসিনার সঙ্গে ট্রাম্পের শুভেচ্ছা বিনিময় হয়। সাক্ষাতকালে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, সম্মেলন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক। তিনি বলেন, গতকাল সম্মেলন শুরুর আগে বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ ট্রাম্প গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশে আসবেন বলে আশা প্রকাশ করেছেন।
শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জবাবে ট্রাম্প বলেছেন, হ্যাঁ, আমি আসব।
জানা গেছে, সম্মেলন চলাকালে আমন্ত্রিত অতিথিদের অপেক্ষা করার কক্ষে ট্রাম্পের সঙ্গে কথা হয় শেখ হাসিনার। এর আগে, সৌদি বাদশাহর আমন্ত্রণে সম্মেলনস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান সৌদি বাদশা সালমান বিন আব্দুল-আজিজ আল সৌদ। পরে বাদশাহর দেওয়া মধ্যাহ্নভোজেও অংশ নেন তিনি।
রিয়াদে বাংলাদেশের উপরাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম জানান, সৌদি আরব সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন। মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে গত শনিবার রিয়াদে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন ‘আরব ইসলামিক আমেরিকান সম্মেলন’ মঞ্চ থেকে নিজের ইসলাম বিদ্বেষী ‘নেতিবাচক’ ভাবমূর্তি শোধরানোর একটা চেষ্টা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সম্মেলনের মঞ্চে তিনি বলেন, ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও লড়াই নেই। দুটো বিশ্বাস, দুটো ধর্ম বা দুটো সভ্যতার মধ্যে লড়াই নেই। লড়াইটা ভালোর সঙ্গে খারাপের। মানুষের জীবন শেষ করে দেয় যে সব বর্বর অপরাধী, লড়াইটা তাদের সঙ্গে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

