Don't Miss
Home / হোম স্লাইডার / নতুন সংসদ সদস্যদের শপথ আগামী বৃহস্পতিবার

নতুন সংসদ সদস্যদের শপথ আগামী বৃহস্পতিবার

এমএনএ রিপোর্ট : আগামী ৩ জানুয়ারি, বৃহস্পতিবার শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী নতুন সংসদ সদস্যরা । আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা জানিয়েছেন।

মন্ত্রী বলেন, আগামী ৩ জানুয়ারি সংসদ সদস্যরা শপথ নেবেন। তার আগেই নির্বাচন কমিশনের গেজেট হবে।

শেখ হাসিনার নেতৃত্বে আগামী সরকার হবে জানিয়ে মহাজোটের শরিক জাসদ সভাপতি ইনু এসময় বলেন, একাদশ নির্বাচনে মহাজোট ভূমিধস জয় পেয়েছে।এটি নিশ্চিত যে শেখ হাসিনার নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, এটি নিশ্চিত যে শেখ হাসিনার নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে যাচ্ছে। মহাজোট মানুষের জোট। শয়তান বা ফেরেস্তার জোট নয়। তাই চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আগামী দিনে ভুল ত্রুটি শুধরে সামনে চলব।

গত রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ করা হয়। গোলযোগের কারণে স্থগিত হওয়া একটি আসন বাদে ২৯৮টি আসনের ফল ওইদিন রাতে ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে ২৫৯টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ (নৌকা প্রতীক)। আর জোটগতভাবে তারা আসন পেয়েছে ২৮৮টি। এর বিপরীতে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট (ধানের শীষ) পেয়েছে মাত্র সাতটি আসন।

ভোটে বাধা দেওয়া, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং কারচুপির অভিযোগ তুলে বিএনপি-জামায়াত জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্তত ৩১ জন প্রার্থী গত রবিবার ভোট চলাকালেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

ভোটগ্রহণ শেষে রাতে এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তা বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান।

ওই দাবি নাকচ করে সিইসি কে এম নূরুল হুদা ভোটের পরদিন গতকাল সোমবার এক ব্রিফিংয়ে বলেন, আর নতুন করে নির্বাচনের সুযোগ নেই। ঐক্যফ্রন্ট লিখিত অভিযোগ দিলেও গেজেট প্রকাশের ক্ষেত্রে তা প্রতিবন্ধকতা হবে না।

গত রবিবারের নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে জানিয়ে সিইসি বলেন, জনগণ যেভাবে ভোট দিয়েছে, সেভাবেই ভোট হয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...