Don't Miss
Home / আজকের সংবাদ / নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ
লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ

নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ

এমএনএ রিপোর্ট : বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, কোয়ার্টার মাস্টার জেনারেলকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আগামী ২৫ জুন থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক এ নিয়োগ কার্যকর হবে। তিনি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। লেফটেন্যান্ট জেনারেল আজিজ জেনারেল হিসেবে পদোন্নতি নিয়ে সেনাপ্রধান হবেন।
আজ সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
আইএসপিআর পরিচালক লে. কর্নেল আলমগীর কবীর নিশ্চিত করেছেন যে ২৫ জুন অপরাহ্ন থেকে সেনা প্রধান হবেন জেনারেল আজিজ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, কোয়ার্টার মাস্টার জেনারেলকে ২৫ জুন দুপুর থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা-বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ করা হল।
উল্লেখ্য, আগামী ২৫ জুন তিন বছর চাকরি শেষে বর্তমান সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক অবসরে যাবেন।
আজিজ আহমেদ বর্তমানে সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) দায়িত্বে রয়েছেন। তার আগে আর্মি ট্রেইনিং অ্যান্ড ডকট্রিন্যাল কমান্ডের জিওসির পদে ছিলেন তিনি।
তারও আগে তিনি ২০১৬ সাল পর্যন্ত চার বছর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তার সময়েই বিজিবি কল্যাণ ট্রাস্টের অধীনে সীমান্ত ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রধানের দায়িত্ব নেওয়ার আগে আজিজ আহমেদ কুমিল্লায় সেনাবাহিনীর ৩৩ তম পদাদিক ডিভিশনের অধিনায়ক ছিলেন।
বিএমএর অষ্টম দীর্ঘমেয়াদি কোর্স শেষে ১৯৮৩ সালের ১০ জুন সেনাবাহিনীতে আর্টিলারি কোরে কমিশন পান আজিজ আহমেদ।
কর্মজীবনে তিনি পার্বত্য চট্টগ্রামে জিএসও-৩ (অপারেশন্স), পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর, সেনাসদর প্রশিক্ষণ পরিদপ্তরের গ্রেড-২ এবং সেনাসদর, বেতন ও ভাতা পরিদপ্তরের গ্রেড-১ স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেন।
তিনি দীর্ঘদিন স্কুল অব আর্টিলারি এবং স্কুল অব মিলিটারি ইন্টিলিজেন্সের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৬১ সালে জন্ম নেওয়া আজিজ আহমেদের পৈত্রিক বাড়ি চাঁদপুরে। তার বাবা ওয়াদুদ আহমেদ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা। মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর তিনি এইচএসসি পাস করেছিলেন নটরডেম কলেজ থেকে।
x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...