নিউইয়র্কে ট্রাক চালিয়ে ৮ জনকে হত্যা
Posted by: News Desk
November 1, 2017
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লোয়ার ম্যানহাটনে সাইকেলের লেনে ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১১ জন।
স্থানীয় সময় আজ মঙ্গলবার বিকালে ওই ঘটনার পর ২৯ বছর বয়সী ট্রাকচালক পুলিশের গুলিতে আহত অবস্থায় ধরা পড়েছেন বলে বিবিসি জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, অভিবাসী ওই যুবকের নাম সাইফুল্লা হাবিবুলেভিক সাইপোভ (২৯), যিনি উজবেকিস্তান থেকে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন ২০১০ সালে। তখন তিনি ওহাইওতে থাকতেন। সেখান থেকে তিনি ফ্লোরিডায় যান। পরে নিউজার্সিতে থাকতে শুরু করেন। নিউইয়র্কের পুলিশ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবেই দেখছে।
এক কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস টেলিভিশন জানিয়েছে, সাদা রঙের ওই ট্রাকে একটি নোট পেয়েছে পুলিশ; যেখানে আইএস এর কথা বলা হয়েছে।
আহতদের অবস্থা ‘গুরুতর হলেও জীবন সংশয়ী নয়’ বলে জানিয়েছে পুলিশ।
নিউইয়র্ক পুলিশের কমিশনার জেমস ও’নিল জানান, স্থানীয় সময় বিকাল ৩টার পরপরই ট্রাকটি সাইকেলের লেনে উঠে পড়ে। পথচারী ও সাইক্লিস্টদের আঘাত করার পর এটি একটি স্কুল বাসে ধাক্কা দেয় এবং ভেতরে থাকা দুই শিশুসহ অন্তত চারজনকে আহত করে।
ট্রাকটি থামার পর চালক দুটি হ্যান্ড গ্রেনেড নিয়ে বেরিয়ে আসে এবং ‘সন্ত্রাসী হামলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ বক্তব্য দেয় বলে জানান কমিশনার। এক পুলিশ কর্মকর্তা হামলাকারী যুবকের পেটে গুলি চালালে সে আহত হয়; ওই অবস্থাতেই তাকে আটক করে হাসপাতালে পাঠানো হয়।
ওহাইওর বাসিন্দা দিলফুজা ইসখাকোভা গার্ডিয়ানকে বলেন, ছয় বছর আগে উজবেকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সাইফুল্লাহ কয়েক মাস তাঁর এখানে ছিলেন। তাঁকে ভালোই মনে হয়েছিল। তিনি মৃদুভাষী ছিলেন, তেমন কথা বলতেন না। কাজে যাওয়া-আসার মধ্যেই তাঁর চলাফেরা ছিল। তিনি সম্ভবত পণ্যের গুদামে কাজ করতেন।
দিলফুজা বলেন, সাইফুল্লার সঙ্গে যখন তাঁর পরিচয়, তখন তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করেছিলেন। তাঁর স্ত্রী ও ছোট দুটি সন্তান আছে বলে তিনি জানেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। সাইফুল্লা ধার্মিক ছিলেন কি না, সেটা তিনি জানেন না বলে দাবি করেন।
তাঁর সঙ্গে পরিচয়ের সূত্র উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মতো তিনিও উজবেকিস্তান থেকে এসেছেন। তাঁর বাবা আমার স্বামীকে চিনতেন। তিনি যুক্তরাষ্ট্রে কাউকে চিনতেন না বলে তাঁর বাবা এখানে পাঠিয়েছিলেন।’ এর সঙ্গে তিনি যোগ করেন, এখান থেকে সাইফুল্লা ফ্লোরিডায় চলে যান। সেখানে তিনি ট্রাকচালক হিসেবে কাজ করতেন। পরে নিউজার্সিতে গিয়ে তিনি উবার চালাতেন।
কবিলজন মাকারোভ (৩৭) নামের এক উজবেক অভিবাসী নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘সাইফুল্লাহ যখন ট্রাক চালক হিসেবে কাজ করছিলেন তখন ফ্লোরিডায় তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল। তাঁকে তখন ভালো মানুষই মনে হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে পছন্দ করতেন। তাঁকে খুশিই মনে হয়েছিল। জানিয়েছিলেন, সবকিছু ঠিকঠাকই আছে। তাঁকে সন্ত্রাসী মনে হয়নি। তবে তাঁর ভেতরে কী ছিল, সেটা আমি জানি না।’
এ ঘটনার পরপরই উবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। তবে সেখানে তেমন কিছু পাওয়া যায়নি। উবারের মুখপাত্র জানান, এ ধরনের কাণ্ডজ্ঞানহীন সহিংসতার খবরে তাঁরা ভিত। হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানান তিনি। আর তদন্ত কর্মকর্তাদের সব ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে জানান।
বেলা ৩টার দিকে হোম ডিপো নামের দোকান থেকে ভাড়া করা ট্রাক নিয়ে সাইফুল্লাকে ব্যস্ত ম্যানহাটনের পশ্চিম দিক থেকে বাইক লেনে প্রবেশ করতে দেখা যায়। পরে চেম্বার স্ট্রিটের মোড়ে একটি স্কুল বাসের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। এরপর সাইফুল্লা গাড়ি থেকে বেরিয়ে আসেন। এ সময় তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেলেও পরে জানা গেছে সেটি ছিল খেলনা বন্দুক। এলাকায় টহলে থাকা পুলিশ গুলি করলে সাইফুল্লার পেটে লাগে। পুলিশ তখন তাঁকে গ্রেপ্তার করে। বাইক লেন দিয়ে পথচারীর ওপর গাড়ি তুলে দিলে লোকজন ছিটকে পড়তে থাকেন। এতে হতাহতের ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া সাইফুল্লার অস্ত্রোপচার করা হয়েছে। যে ট্রাক নিয়ে তিনি হামলা চালিয়েছেন, সেই ট্রাকে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা, ‘আইএসের (ইসলামিক স্টেট) পক্ষ থেকে এ হামলা।’
বিবিসি বলছে, ঘটনার পর সাইকেলের লেনে বেশ কয়েকটি সাইকেল চূর্ণ বিচূর্ণ অবস্থায় পড়ে ছিল। শহরের মানুষ যখন হ্যালোউইন উৎসব উদযাপনে ব্যস্ত, তখনি এই হামলার ঘটনা ঘটলো।
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিয়ো এই ঘটনাকে ‘নিরীহ বেসামরিকদের লক্ষ্য করে চালানো কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা‘ হিসেবে অভিহিত করেছেন।
হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ঘটনার পরপরই টুইটারে তিনি বলেন, মনে হচ্ছে, নিউইয়র্ক আরেকজন অসুস্থ ও উন্মাদ ব্যক্তির হামলার শিকার হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই ধরণের হামলা যুক্তরাষ্ট্রে হতে দেওয়া হবে না।
চালিয়ে ৮ জনকে ট্রাক হত্যা নিউইয়র্কে 2017-11-01