ডুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
Posted by: News Desk
November 1, 2017
এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে।
পরীক্ষা পেছানোর দাবিতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার রাত থেকে গাজীপুর-শিমুলতলী সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এ সময় শিক্ষকরা কয়েকজন ছাত্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য বিশ্ববিদ্যালয়ে ডেকে আনেন।
পরে গভীর রাতে শিক্ষার্থীরা মুখোশ পরে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে। তারা উপাচার্য কার্যালয়, শিক্ষকদের বাসভবনের জানালার কাঁচ ও সাতটি গাড়ি ভাঙচুর করে। শিক্ষার্থীদের ইটের আঘাতে কয়েকজন শিক্ষকও আহত হন।
আজ বুধবার দুপুরে ডুয়েটের একাডেমিক কাউন্সিলের ৫৭তম (জরুরি) এক সভায় অনির্দিষ্টকালের জন্য ডুয়েটের সব একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার বিকেল সাড়ে ৩টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ডুয়েট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিচারের দাবিতে আজ বুধবার সকাল থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা জন্য ডুয়েট 2017-11-01