Don't Miss
Home / হোম স্লাইডার / নিউজিল্যান্ডে বিপাকে আছে বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ

নিউজিল্যান্ডে বিপাকে আছে বাংলাদেশ ক্রিকেট দল

এমএনএ খেলাধুলা ডেস্কঃ বিমান সহযাত্রীর করোনা পজিটিভ হওয়ায় নিউজিল্যান্ডে বিপাকে পড়েছেন বাংলাদেশ দলের সদস্যরা। নামতে পারছেন না অনুশীলনে, বাড়ানো হয়েছে কোয়ারেন্টিনের মেয়াদ। এছাড়া কোভিড-১৯ পজিটিভ হয়েছেন টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

হেরাথ শ্রীলঙ্কা থেকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। দলের বাকি সদস্যদের মতোই কোয়ারেন্টিনে আছেন লঙ্কান কিংবদন্তি স্পিনার।

জানা যায়, নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দুই করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই নেগেটিভ হয়েছিলেন। কিন্তু তৃতীয় পরীক্ষায় করোনা ধরা পড়ে হেরাথের। এ ব্যাপারে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। করোনা ধরা পড়ায় হেরাথের কোয়ারেন্টিনের সময় বাড়তে পারে।

দেশ ছাড়ার পূর্বে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে কোয়ারেন্টিনের মেয়াদ কমিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৪ দিনের বদলে সাতদিনের সময় নির্ধারণ করা হয়েছিল। এর ভেতর তিন দিনের রুম কোয়ারেন্টিন। কথা ছিল বাকি চার দিন গ্রুপে ভাগ হয়ে জিম ও অনুশীলনের সুযোগ পাবে জাতীয় দলের ক্রিকেটাররা।

গতকাল নিউজিল্যান্ডে জিম করেছেন টাইগাররা। তবে সেখানে ছিলেন না অধিনায়ক মুমিনুল হক, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, নির্বাচক আবদুর রাজ্জাকসহ ৯ জন। তাদের কোয়ারেন্টিনের মেয়াদ বাড়ানোর কারণে আজ অনুশীলনেও থাকতে পারবেন না। জানা যায়, করোনা আক্রান্ত এক বিমান যাত্রীর কারণেই এমনটা হয়েছে।

নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ১লা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ই জানুয়ারি থেকে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...