Don't Miss
Home / রাজনীতি / নিজের ও পরিবারের সকলের ব্যাংক হিসেবে ১৫ লাখ টাকা থাকার তথ্য দিলেন সাবেক উপদেষ্টা আসিফ

নিজের ও পরিবারের সকলের ব্যাংক হিসেবে ১৫ লাখ টাকা থাকার তথ্য দিলেন সাবেক উপদেষ্টা আসিফ

এমএনএ প্রতিবেদক

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংক হিসাবের তথ্য তলব করার পর নিজের দুটি, বাবার পাঁচটি এবং মা ও স্ত্রীর একটি করে—মোট নয়টি—ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব হিসাবে মোট প্রায় সাড়ে ১৫ লাখ টাকা রয়েছে। এর মধ্যে তাঁর নিজের দুই হিসাবে আছে ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা এবং পরিবারের অন্য সদস্যদের হিসাবে মোট ৫ লাখ ৬৯ হাজার ৪৭৮ টাকা।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আসিফ মাহমুদের অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)–এর আসন্ন নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে তাঁর সম্ভাব্য অংশগ্রহণের আলোচনা সামনে আসার পর থেকে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

কোন হিসাবে কত টাকা

আসিফ মাহমুদ জানান, তাঁর নামে দুটি ব্যাংক হিসাব রয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংকের একটি সঞ্চয়ী হিসাবে রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা। সরকারে দায়িত্ব পালনকালে খোলা তাঁর বেতনভিত্তিক হিসাবে ১৬ মাসে গড়ে মাসিক ১ লাখ ৬৫ হাজার টাকা বেতন-ভাতা এবং পাঁচটি বিদেশ সফরের সরকারি টিএ-ডিএ বিল জমা হয়েছে। সব মিলিয়ে এ হিসাবে মোট জমা (ক্রেডিট) হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা এবং উত্তোলন (ডেবিট) হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। দুটি হিসাব মিলিয়ে বর্তমানে তাঁর স্থিতি ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা।

তাঁর বাবা পেশায় শিক্ষক এবং তাঁর নামে পাঁচটি ব্যাংক হিসাব রয়েছে। এসব হিসাবে মোট জমা রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তিনি ১০ লাখ টাকার একটি সার্ভিস লোন নিয়েছিলেন, যার কিস্তি বেতন থেকে পরিশোধ হচ্ছে। বর্তমানে ওই ঋণের বকেয়া ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। এ হিসাবে সমন্বয় করলে তিনি প্রায় ৮২ হাজার ৩৫ টাকা দেনায় আছেন বলে জানান আসিফ মাহমুদ।

এ ছাড়া তাঁর মায়ের নামে একটি হিসাবে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর নামে একটি হিসাবে ৬১৩ টাকা রয়েছে।

সম্পদের বিবরণী ও ব্যাখ্যা

জুলাই গণ–অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারের উপদেষ্টা পরিষদে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে যুক্ত তিনজনের একজন ছিলেন আসিফ মাহমুদ। গত বছরের ডিসেম্বরে পদত্যাগের আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে সম্পদের বিবরণী জমা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে সরকারের প্রকাশিত বিবরণী অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকা। অন্য উপদেষ্টারা নিজেদের পাশাপাশি স্বামী বা স্ত্রীর সম্পদের তথ্যও প্রকাশ করলেও তিনি কেবল নিজের সম্পদের তথ্য দিয়েছিলেন।

আজকের সংবাদ সম্মেলনে তিনি বলেন, পদত্যাগের সময় আয় ও সম্পদের পূর্ণাঙ্গ বিবরণী জমা দিয়েছিলেন। এরপরও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলায় এবং ‘জল ঘোলা করার চেষ্টা’ হওয়ায় নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন, যাতে কোনো সন্দেহ না থাকে।

বিএফআইইউ নিয়ে অভিযোগ

আসিফ মাহমুদ অভিযোগ করেন, মঙ্গলবার বিএফআইইউ ৫৬ জনের ব্যাংক হিসাবের তথ্য তলব করলেও সাংবাদিকদের একটি গ্রুপে কেবল তাঁর তথ্যই আলাদাভাবে পাঠানো হয়েছে। তাঁর দাবি, প্রকৃত অনুসন্ধানের বাইরে গিয়ে এটি তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি দায়িত্বে থাকাকালে বিভিন্ন কারণে অসন্তুষ্ট কিছু ব্যক্তি এবং গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ তাঁর বিরুদ্ধে অপপ্রচারে জড়িত। কিছু গণমাধ্যমের ভূমিকাও তিনি প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন।

খালেদা জিয়ার প্রসঙ্গ

নিজের বিরুদ্ধে অপপ্রচারের প্রসঙ্গ টেনে তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র উদাহরণ দেন। তাঁর ভাষ্য, গণমাধ্যম ও বিভিন্ন সংস্থার মাধ্যমে অতীতে তাঁর বিরুদ্ধেও ‘এতিমের টাকা আত্মসাতের’ অভিযোগ প্রচার করে কারাবন্দী করা হয়েছিল; তবে জনগণ তা বিশ্বাস করেনি।

আসিফ মাহমুদ বলেন, তাঁর ব্যাংক হিসাব তলব করে ‘রহস্য তৈরি’ করার চেষ্টা করা হচ্ছে। এ কারণে তিনি নিজ ও পরিবারের হিসাব জনসমক্ষে তুলে ধরেছেন।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতা মনিরা শারমিন ও হুমায়রা নূরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

x

Check Also

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল ...