এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ প্রতিদিনই নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। বোতলজাত প্রতি লিটার তেল ২ থেকে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে। এছাড়া গত সপ্তাহের থেকে সবজির দাম কেজিতে ৫-১০ টাকা বেড়েছে। তবে পেঁয়াজের দাম গত সপ্তাহের থেকে কেজিতে ৫ টাকা কমেছে। এছাড়া চাল, মুরগি, মাছসহ কয়েকটি নিত্যপণ্যের দাম বাড়তিই রয়ে গেছে।
বুধবার রাজধানীর কয়েকটা খুচরা বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
পেঁয়াজ
প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৬ থেকে ৭০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৫৭ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত মঙ্গলবার দেশি পেঁয়াজের দর ৭০ থেকে ৭৫ টাকা ছিল। আর আমদানি করা পেঁয়াজ ছিল ৬০ থেকে ৬৫ টাকা।
ভোজ্যতেল
বোতলজাত প্রতি লিটার তেল ২ থেকে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫৪-১৫৫ টাকায়। আর খোলা তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে ১৪৪-১৫০ টাকা দরে। পামওয়েল বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
এক সপ্তাহ আগেও খোলা বাজারে পামওয়েল বিক্রি হয়েছে ১৩০ টাকা থেকে ১৩৬ টাকায়। গত বছর একই সময়ে এ তেল বিক্রি হয়েছিল ৮৮-৯৩ টাকা দরে। এক বছরের ব্যবধানে দামে বেড়েছে ৪৫-৫০ টাকা। বছরের ব্যবধানে একইভাবে দাম বেড়েছে বোতলজাত ও খোলা সয়াবিনের।
চাল
রাজধানীর খুচরা বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬০ টাকা, নাজিরশাইল ৬৪ থেকে ৬৮ টাকা, আঠাশ ৪৮ থেকে ৫৫ টাকা, স্বর্ণা ও গুটি ৪৫ থেকে ৪৮ টাকা এবং চিনিগুঁড়া ৯০ টাকা কেজি দরে।
সবজি
বাজারে প্রতি কেজি সিম বিক্রি হচ্ছে ১০০ টাকায়। একইভাবে প্রতি কেজি ঢেঁড়স ৬০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ থেকে ১৮০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, করলা ৬০ টাকা, উস্তা ৮০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ১০০-১১০, মুলা ৬০, ঝিঙা ৬০, শসা ৬০ থেকে ৭০ টাকা, গাজর ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়াও বাজারে প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছোট সাইজের প্রতি পিস ফুলকপি ৫০ টাকা এবং বাঁধা কপি বিক্রি হচ্ছে প্রতি পিস ৬০ টাকায়। লাল শাকের আঁটি ১০ থেকে ২০ টাকা, মুলা শাকের আঁটি ১৫ থেকে ২০ টাক, কলমি শাকের আঁটি ৫ থেকে ১০ টাকা বিক্রি হচ্ছে।
মুরগী
রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৭৫ থেকে ১৮০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৬৫ থেকে ১৭০ টাকা। আর গত মাসে ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে। এ হিসাবে মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৬০ টাকা বেড়েছে।
ব্রয়লার মুরগির মতো পাকিস্তানি কক বা সোনালি মুরগির দামও দফায় দফায় বেড়েছে। গত মাসে ২১০ থেকে ২৩০ টাকা কেজি বিক্রি হওয়া সোনালি মুরগির দাম কয়েক দফা বেড়ে এখন ৩২০ থেকে ৩৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এই মুরগির কেজি বিক্রি হয় ৩০০ থেকে ৩২০ টাকা। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ টাকা।
এছাড়া গরু এবং খাসির মাংসের দাম আগের মতই রয়েছে।
ডিম
মুরগির ডিম হালিপ্রতি ৩২ টাকা এবং হাঁসের ডিম হালিপ্রতি ৪০ টাকায় বিক্রি করা হয়। ক্রেতা একসঙ্গে এক ডজন বা এর অধিক ডিম কিনলেও আগের মতো আর ছাড় দেওয়া হচ্ছে না। বুধবার এক ডজন মুরগির ডিম ৯৬ টাকা এবং হাঁসের এক ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি করা হয়।
মাছ
আকারভেদে শিং মাছ প্রতি কেজি ৩৫০ থেকে ৫০০ টাকা, রুই ১৮০ থেকে ২৮০ টাকা, মৃগেল ১৬০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৩০ থেকে ১৭০ টাকা, কাতল ২৫০ থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ১২০ থেকে ১৫০ টাকা, সিলভার কার্প ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি করা হয়।
এ ছাড়া কাঁচকি ও মলা মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা, দেশি ট্যাংরা ৬০০ থেকে ৭০০ টাকা, দেশি চিংড়ি (ছোট) ৫০০ থেকে ৬০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, আইড় ৬০০ থেকে ৮০০ টাকা, চিতল ৫০০ থেকে ৬০০ টাকা, বাইম ৬৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

