নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট
Posted by: News Desk
November 5, 2018
এমএনএ রিপোর্ট : তফসিল ঘোষণার সময় নির্ধারণের পরদিনই জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।
নতুন জোটটি গঠনের পর প্রথমবারের মতো কমিশনের সঙ্গে তারা বৈঠকে বসল। তারা সংলাপ শেষ না হওয়া পর্যন্ত ভোটের তফসিল ঘোষণা না করার আহ্বান জানিয়ে আসছে।
আজ সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সভা কক্ষে এ বৈঠক শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে কমিশনাররা ও ইসির সচিব সভায় রয়েছেন। আ স ম আব্দুর রবের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল বৈঠকে রয়েছে।
সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল পেছানোর দাবি সম্বলিত ৩ নভেম্বর চিঠি দেন জাতীয় ঐক্যফ্রন্টের কামাল হোসেন।
পরদিন গতকাল রবিবার নির্বাচন কমিশন জানায়, ৮ নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ঐক্যফ্রন্ট গঠনের পর ইসি পুনর্গঠন নিয়ে সরকারের সঙ্গে সংলাপ চায়। পাশাপাশি নির্বাচন কমিশনের সঙ্গেও বৈঠকের সময় নির্ধারণ করে। কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রী সংলাপে সায় দেওয়ায় ইসির সঙ্গে বৈঠক বাতিল করে। এবার নিজেরাই ফের বৈঠকে বসল।
এ পরিপ্রেক্ষিতে তফসিল ঘোষণার পেছানোর জন্য আনুষ্ঠানিকভাবে ঐক্যফ্রন্টের প্রতিনিধি বৈঠক করতে এসেছেন বলে জানিয়েছেন গণফোরামের একজন নেতা।
ঐক্যফ্রন্টের পক্ষে বৈঠকে রয়েছেন- জেএসডির আসম আব্দুর রব, আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ বুলু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের মোকাব্বির খান, নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী।
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট 2018-11-05