এমএনএ রিপোর্ট : রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ার শেখের জায়গা চেকপোস্টে র্যাবের গুলিতে নিহত যুবকের শরীরে বাঁধা বেল্টে কয়েকটি বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। র্যাব বলছে, যুবকের সঙ্গে থাকা ব্যাগের মধ্যে হাতে তৈরি বড় একটি বোমা পাওয়া গেছে। বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পরিদর্শনে এসে র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এ তথ্য জানান।
তিনি বলেন, ভোরের ঘটনায় নিহতের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। তার সঙ্গে থাকা ব্যাগে বড় আকারের একটি এবং দেহের বেল্টের সঙ্গে বাঁধা ছোট দুটি হাতে তৈরি বোমা ও ইলেকট্রিক তার পাওয়া যায়।
সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ভোর পৌনে পাঁচটার দিকে ওই যুবক মোটরসাইকেলে করে চেকপোস্টের কাছাকাছি আসেন। এ সময় র্যাব সদস্যরা তাঁকে থামতে বলেন। কিন্তু তিনি নির্দেশ অমান্য করে না থেমে ‘ক্রস’ করার চেষ্টা করেন। এ অবস্থায় পরিস্থিতির কারণে তাঁকে গুলি করে র্যাব। এতে তিনি নিহত হন। আহত হন দুই র্যাব সদস্য। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁও পুলিশ একটি পিকআপে যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম ইউনিটের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুস সালাম বলেন, তাঁরা নিহত যুবকের শরীরে ছয় থেকে সাতটি গুলির চিহ্ন দেখেছেন। লাশ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন। বোমা নিষ্ক্রিয় করার জায়গা থেকেও নমুনা নেওয়া হয়েছে। পুলিশকে সুরতহাল প্রতিবেদন তৈরিতে সিআইডি সহায়তা করছে।
এটা র্যাবের নিয়মিত চেকপোস্ট কি না, তা জানতে চাইলে র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, নির্জন জায়গা হওয়ায় এখানে অসাধু লোকজন যাতায়াত করে। এ কারণে মাঝে মাঝে এখানে চেকপোস্ট বসানো হয় জানিয়ে এই র্যাব কর্মকর্তা বলেন, ‘আশকোনার ঘটনার পর গতকাল শুক্রবার রাতে এখানে র্যাব চেকপোস্ট বসায়। মোটরসাইকেল আরোহীকে থামতে বললে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাবের গুলিতে তার মৃত্যু হয়।’

নিহত যুবক কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা, বা তার নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি র্যাব।
এর আগে সকালে র্যাব-৩-এর অপারেশন অফিসার এ এস এম শাখাওয়াত হোসেন বলেন, মোটরসাইকেলে করে ওই যুবক চেকপোস্টর কাছাকাছি আসেন। র্যাব সদস্যরা তাঁকে থামতে বলেন। যুবক না থেমে সঙ্গে থাকা ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু ছুড়ে মারার চেষ্টা করেন। র্যাব সদস্যরা গুলি ছুড়লে যুবক নিহত হন।
সকালে সরেজমিনে দেখা যায়, র্যাবের চেকপোস্টটি শেখের জায়গা ও নন্দীপাড়ার সংযোগ সড়কে। আশপাশে ধানক্ষেত ও খালি জায়গা। তেমন জনবসতি নেই। কিছুটা দূরে জনবসতি আছে। সে সময় দূর থেকে ঘটনাস্থলে নিহত ব্যক্তিকে পড়ে থাকতে দেখা গিয়েছিল। তাঁর মাথার কাছে একটি ব্যাগ ও লাল রঙের মোটরসাইকেল পড়েছিল। পরনে শার্ট ও জিনসের প্যান্ট ছিল।
এদিকে বেলা সোয়া ১১টার দিকে বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে এসে ব্যাগ এবং দেহের সঙ্গে বাঁধা বেল্টের বোমাগুলো উদ্ধারের পর বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।
এর আগে গতকাল শুক্রবার বেলা একটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে র্যাব সদর দপ্তরের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী হামলা হয়। এতে র্যাবের দুই সদস্য আহত হন।
পরে এ হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
হামলার পরে গতকাল বেলা তিনটার দিকে দেশের সব কারাগার, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। একই সঙ্গে এসব স্পর্শকাতর স্থানে নিরাপত্তা জোরদার করা হয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

