Don't Miss
Home / সারাদেশ / নড়াইলে ১০ দিনব্যাপী সুলতান মেলা শুরু হচ্ছে আজ

নড়াইলে ১০ দিনব্যাপী সুলতান মেলা শুরু হচ্ছে আজ

এমএনএ বিনোদন ডেস্ক : বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে ১০ দিনব্যাপী সুলতান মেলা শুরু হচ্ছে আজ থেকে। চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত।
আজ মঙ্গলবার বিকেলে পপুলার লাইফ ইন্সুরেন্সসহ কয়েকটি প্রতিষ্ঠানের আর্থিক পৃষ্টপোষকতায় নড়াইল জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে মেলা উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
এবারের মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী ও রচনা প্রতিযোগিতা, লাঠিখেলা, হা-ডু-ডু, ভলিবল, ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা, সাইকেল রেস, দড়ি টানাটানি, ভ্যান গাড়ি দৌড়, গরু দৌড়, চি-বুড়ি, স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া নড়াইলের কৃতী সন্তান চিত্রশিল্পী এসএম সুলতান, উপমহাদেশের বরেণ্য লোক কবি একুশে পদকপ্রাপ্ত বিজয় সরকার, জারী সম্রাট মোসলেম উদ্দিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, প্রখ্যাত সুরকার কমল দাসগুপ্ত, সাহিত্যিক ডাঃ নীহার রঞ্জন গুপ্ত, দানবীর ফাজেল আহম্মেদ মোল্লাসহ বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্বের জীবন ও কর্মের ওপর প্রতিদিন সেমিনার অনুষ্ঠিত হবে।
মেলাকে কেন্দ্র করে নড়াইলের সাংস্কৃতিক সংগঠনগুলো সরব হয়ে উঠেছে। সুলতান মেলায় এবার স্থানীয় মূর্ছনা সংগীত নিকেতন, সরগম, যুগান্তর, চিত্রা থিয়েটার, ছন্দায়ন, শহীদ মানিক-চয়ন স্মৃতি সংসদ, ছায়ানট, গ্রেভ, উদীচী শিল্পী গোষ্ঠী, সুরধাম, বেনুকা, ড্রামা সার্কেল, জেলা শিল্পকলা একাডেমীসহ ৩৪টি সাংস্কৃতিক সংগঠন নৃত্য, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও নাটক পরিবেশন করবে।
নড়াইলের জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোঃ এমদাদুল হক চৌধুরী জানান, এবার সুলতান স্বর্ণ পদক পাচ্ছেন ভাস্কর বীরঙ্গনা ফেরদৌসি প্রিয় ভাষিণী। তিনি জানান, মেলার সমাপনী দিন ৪ জানুয়ারি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার পদক প্রদান করবেন।
উল্লেখ্য, ১০ আগস্ট এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে এ উত্সব পালিত হয়ে আসলেও বর্ষার কারণে ২০০৩ সাল থেকে মেলার দিনক্ষণ পিছিয়ে যায়। ১৯২৪ সালের ১০ আগস্ট এই গুণী শিল্পী শহরতলির মাছিমদিয়া গ্রামে রাজমিস্ত্রি পরিবারে জন্মগ্রহণ করেন। বরেণ্য এই চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্ম গ্রহণ করেন। এ চিত্রশিল্পী ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আর্টিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পদক প্রদান করা হয়। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।
x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...