পটুয়াখালীর কলাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Posted by: News Desk
October 27, 2018
এমএনএ রিপোর্ট : তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্থ ১৩০টি পরিবারের জন্য নবনির্মিত আবাসন পল্লীসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেত পটুয়াখালীর কলাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে পটুয়াখালীর পায়রার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। এরপরে বেলা ১১টা ৪০ মিনিটে কলাপাড়ার ধানখালী ইউনিয়নের লোন্দাগ্রামে পৌঁছান তিনি।
সেখানে ১৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে দুপুর আড়াইটায় আকাশপথে বরগুনার তালতলী আসবেন।
বিকাল পৌনে ৩টায় বরগুনার বিভিন্ন উপজেলার ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে বিকাল ৩টায় তালতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় ভাষণ দেবেন।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-০১ কাজী নিশাত রসুলের স্বাক্ষরিত একটি পত্রে জানানো হয়েছে, এদিন প্রধানমন্ত্রী পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করবে। পরিদর্শন শেষে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্থদের জন্য নির্মিত ‘স্বপ্নের ঠিকানা’ আবাসনের ঘরের চাবি তাদের হাতে হস্তান্তর করবেন তিনি।
ইতিমধ্যে ‘স্বপ্নের ঠিকানা’র খবর সাগরপাড়ের আন্ধারমানিক নদীতীরের মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে।
পায়রা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ১০০২ একর জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নির্মিত আধুনিক সুবিধা সংবলিত পল্লী ‘স্বপ্নের ঠিকানা’র চাবি নিজ হাতে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেবেন।
১৬ একর জমিতে সব সুবিধা সংবলিত পল্লীটি করা হয়েছে। নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ও বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড এ পল্লী নির্মাণ করে।
এরপরে প্রধানমন্ত্রী আরও ১৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রকল্পগুলো হচ্ছে-পটুয়াখালী সরকারী কলেজে নবনির্মিত ১৩২ আসন বিশিষ্ট ৫তলা ছাত্রীনিবাস নির্মাণ, পটুয়াখালী সরকারী কলেজে নবনির্মিত একাডেমিক কাম-এক্সমিনেশন হল নির্মাণ, হাজী আক্কেল আলী হাওলাদার কলেজে ৪-তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, ইসহাক মডেল ডিগ্রী কলেজে ৪-তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, কুয়াকাটা খানাবাদ কলেজে ৪-তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে ৪-তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, আলহাজ জালাল উদ্দিন কলেজে ৪-তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, সুবিদখালী ডিগ্রী কলেজে ৪-তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, দুমকি জনতা ডিগ্রি কলেজে ৪-তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, দুমকি উপজেলায় শতভাগ বিদ্যূতায়ন, মির্জাগঞ্জ ৩৩/১১ কেভি বিদ্যূৎ উপকেন্দ্র, ক্ষমতা ১০/১৪ এমভিএ এবং পায়রা সমুদ্র বন্দরের শেখ হাসিনা ফোর লেন সড়ক, পায়রা সমুদ্র বন্দরের সার্ভিস জেটি, পায়রা সমুদ্র বন্দরের মসজিদ, পায়রা সমুদ্র বন্দরের অফিসার্স গেষ্ট হাউজ, পায়রা সমুদ্র বন্দরের স্টাফ ডরমিটরি।
২১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় এ সার্ভিস জেটি স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সমুদ্র বন্দরের মূল চ্যানেল রাবনাবাদ পাড়ের চারিপাড়ায় প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় নির্মাণাধীন ৬৫০ মিটার দীর্ঘ টার্মিনাল।
ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ কেন্দ্র (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের কলাপাড়া উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের। এছাড়াও প্রধানমন্ত্রী পায়রা সমুদ্র বন্দরের ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারদের লালুয়া, চান্দুপাড়া (উত্তর), চান্দুপাড়া (দক্ষিণ), লেমুপাড়া, ধুলাসার ও লোন্দা মৌজায় জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য ছয়টি পুনর্বাসন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এরপর প্রধানমন্ত্রী বরগুনা জেলা পরিদর্শন ও ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
উন্নয়ন প্রকল্পগুলো হল- বরগুনা সদর হাসপাতাল ৫০ শয্যা থকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, বরগুনা জেলা গ্রন্থাগার, বরগুনা পুলিশ লাইনের মহিলা ব্যারাক, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেল নির্মাণ, ঘূর্ণিঝড়, বরগুনা সদর ইউনিয়ন ভূমি অফিস, ডৌয়াতলা ইউনিয়ন ভূমি অফিস, বুড়িরচর ইউনিয়ন ভূমি অফিস, হোসনাবাদ ইউনিয়ন ভূমি অফিস, সিডর ও আইলায় উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, বরগুনা-বাকেরগঞ্জ-কাঁঠালতলী- পাদ্রীশিবপুর-সুবিদখালী সড়ক, হাজার বিঘা-কামরাবাদ-পুরাকাটা ফেরিঘাট সড়কের চেইনেজ ও আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, বরগুনা সদরের গৌড়িচন্না ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, বামনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বেতাগী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বেতাগী উপজেলার বদনাখালী খালের ওপর গার্ডার ব্রিজ নির্মাণ, তালতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, বামনা উপজেলা পরিষদ ভবন, আমতলী থানা ভবন, আমতলী ইউনুস আলী খান কজেলের ৪র্থ তলা একাডেমি ভবন কাম সাইক্লোন শেল্টার, এম বালিয়াতলী ডিএন কলেজের ৪র্থ তলা একাডেমিক ভবন কাম সাইক্লোন শেল্টার, সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের ৪র্থ তলা একাডেমিক ভবন কাম সাইক্লোন শেল্টার, তালতলী প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র্র, তালতলী ও বামনা উপজেলায় একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক ভবন।
এ ছাড়াও বেলা ১১টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের লোন্দাগ্রামে আরো পাঁচটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরো ১৬টি উন্নয়ন কর্মকান্ডের ফলক উম্মোচন করবেন। এ সকল কার্যক্রমের আনুষ্ঠানিকতার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন শসস্ত্র বাহিনীর মাধ্যমে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান পটুয়াখালী জেলা প্রশাসক।
তা ছাড়াও পটুয়াখালী সরকারী কলেজে ৫-তলা বিজ্ঞান ভবন, মির্জাগঞ্জে কাঠালতলি জিসি-পটুয়াখালী বেতাগী আরএসডি (থানা ব্রিজ) সড়কের শ্রীমন্ত নদীর ওপর ৯৬ মিটার ব্রিজ, কলাপাড়া উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, মির্জাগঞ্জ উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র এবং পায়রা সমুদ্র বন্দরের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য ছয়টি পুনর্বাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছেছেন পটুয়াখালীর কলাপাড়ায় 2018-10-27