এমএনএ রিপোর্ট : বাংলাদেশে পবিত্র লাইলাতুল বরাত ২১ এপ্রিল (রবিবার) পালিত হবে। শবে বরাতের তারিখ নির্ধারণে শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
সভায় ধর্মসচিব, জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, দেশের আকাশে শনিবার ১৪৪০ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার (০৮ এপ্রিল) থেকে শাবান মাস গণনা শুরু হবে। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ২১ এপ্রিল দিবাগত রাতই শবে বরাতের রাত। শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি।
শবে বরাতের ১৪-১৫ দিন পর রমজান মাসের চাঁদ ওঠে। সে হিসাবে ৫ বা ৬ মে রোজা শুরু হতে পারে।
সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার বাংলাদেশের আকাশে ১৪৪০ হিজরির শাবান মাসের চাঁদ দেখা যায়নি।
মুসলমান ধর্মাবলম্বীদের কাছে লাইলাতুল বরাত বিশেষ তাৎপর্য বহন করে। পবিত্র শবে বরাতের রাতকে বলা হয় ভাগ্য নির্ধারণের রাত। অতীতের পাপাচার থেকে মুক্তি এবং আগামী বছরে সুখ-সমৃদ্ধির জন্য এই রাতে সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থণা করেন মুসল্লিরা।
লাইলাতুল বরাত উপলক্ষে প্রতিবছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন নানা অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

