Don't Miss
Home / আজকের সংবাদ / পাঁচ জেলায় ডিসি বদলি, ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

পাঁচ জেলায় ডিসি বদলি, ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

এমএনএ প্রতিবেদক

সরকার পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করেছে। জেলাগুলো হলো গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, কুষ্টিয়া ও নেত্রকোনা।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান ডিসিদের প্রত্যাহার করে অন্য দপ্তরে পুনর্বিন্যাস করা হয়েছে।

নতুন নিয়োগ অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুরুল করিম ভূঁইয়াকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) পরিচালক আবু সালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শৌক্রিয়া পারভীনকে পঞ্চগড়ের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়ার ডিসি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোনার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে দেশের ৪২টি জেলার জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি জানান, রোববার এসব নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া প্রশাসকরা সবাই নিজ নিজ জেলার বিএনপির স্থানীয় নেতা।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনার লক্ষ্যে এসব নিয়োগ দেওয়া হয়েছে বলে সরকার জানিয়েছে। এতে জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

নতুন নিয়োগ পাওয়া জেলা পরিষদের প্রশাসকরা হলেন— পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম; দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল; রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম; কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ; গাইবান্ধায় প্রফেসর ড. সৈয়দ মঈনুল হাসান সাদিক; জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান; বগুড়ায় এ.কে.এম. আহসানুল তায়্যেব জাকির; চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশীদ; নওগাঁয় মো. আবু বকর সিদ্দিক; রাজশাহীতে মো. এরশাদ আলী; নাটোরে মো. রহিম নেওয়াজ; মেহেরপুরে মো. জাভেদ মাসুদ; কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন; ঝিনাইদহে মো. আবুল মজিদ; যশোরে দেলোয়ার হোসেন খান খোকন; মাগুরায় আলী আহমেদ; বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন; খুলনায় এস.এম. মনিরুল হাসান বাপ্পি; পটুয়াখালীতে স্নেহাশংসু সরকার; ভোলায় গোলাম নবী আলমগীর; বরিশালে আকন কুদ্দুসুর রহমান; ঝালকাঠিতে মো. শাহাদাত হোসেন; পিরোজপুরে আলমগীর হোসেন; টাঙ্গাইলে এস.এম. ওবায়দুল হক; শেরপুরে এ.বি.এম. মামুনুর রশিদ; ময়মনসিংহে সৈয়দ ইমরান সালেহ; নেত্রকোনায় অ্যাডভোকেট মো. নুরুজ্জামান; কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান; মুন্সিগঞ্জে এ.কে.এম. এরাদত; নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ; রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া; গোপালগঞ্জে শরীফ রফিক উজ্জামান; মাদারীপুরে খন্দকার মাশুকুর রহমান; শরীয়তপুরে সরদার এ.কে.এম. নাসির উদ্দিন; সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী; সিলেটে আবুল কাহের চৌধুরী; মৌলভীবাজারে মিজানুর রহমান; ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম; কুমিল্লায় মো. মোশতাক মিয়া; নোয়াখালীতে মো. হারুনুর রশীদ আজাদ; লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন; এবং কক্সবাজারে এ.টি.এম. নুরুল বশর চৌধুরী।

ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন স্তরে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে।

গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনসহ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়, যেখানে আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়। পরে ১৪ মার্চ আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই বিএনপির স্থানীয় নেতা বলে জানা গেছে।

x

Check Also

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল ...