পাকিস্তানের স্বৈরশাসক পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড
Posted by: News Desk
December 17, 2019
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : রাষ্ট্রদ্রোহিতার মামলায় পাকিস্তানের সাবেক সামরিক স্বৈরশাসক জেনারেল (অব.) পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দেশটির আদালত। আজ মঙ্গলবার দেশটির বিশেষ আদালতের তিন সদস্যের বেঞ্চ এই রায় দেয়।
দেশটির সংবাদ মাধ্যম ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পেশওয়ার হাই কোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমেদ শাহ’র নেতৃত্বাধীন সিন্ধ হাইকোর্টের বিচারপতি নাজার আকবার এবং লাহোর হাইকোর্টের বিচারপতি শহীদ করিম এর বেঞ্চ এ আদেশ দেন।
দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের পক্ষে আইনজীবী আলী জিয়া বাজওয়া সাবেক এই সামরিক শাসকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন।
দেশটির ইতিহাসে এই প্রথম কোন বেসামরিক আদালতে দেশদ্রোহের অভিযোগে কোনো সামরিক কর্মকর্তার বিচারের রায় এল।
১৯৯৯ সালের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন মোশাররফ। গত ২০১৩ সালে দেশটির সাবেক এই স্বৈরশাসককে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করা হয়।
২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মোশাররফ। রাষ্ট্রদ্রোহ, জরুরি অবস্থা জারি, বেআইনি উপায়ে বিচারপতি বরখাস্ত, বেনজির ভুট্টো হত্যা এবং লাল মসজিদ তল্লাশি অভিযান-সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় পলাতক রয়েছেন সাবেক এই পাক সেনাপ্রধান।
২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির অভিযোগে দেশটির আদালতে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। ২০১৩ সালের ডিসেম্বর থেকে এই মামলার রায় আদালতে ঝুলে ছিল।
পরবর্তীতে দেশটির সাবেক এই সামরিক শাসকের বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে ২০১৬ সালে তাকে চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি পান। বর্তমান সেখানেই আছেন সাবেক এই পাক সেনাপ্রধান।
স্বৈরশাসক মোশাররফের পাকিস্তানের পারভেজ মৃত্যুদণ্ড 2019-12-17