পাকিস্তানে সেনাক্যাম্পে আত্মঘাতী হামলা, ১১ সেনা নিহত
Posted by: News Desk
February 4, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলে খাইবার-পাখতুনখোয়াতের সোয়াত জেলায় সেনাক্যাম্পে গতকাল শনিবার রাতে আত্মঘাতী হামলায় ১১ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।
হামলায় ঘটনাস্থলেই নিহত হন ৩ সেনা। পরে হাসপাতালে আরও ৮ জন মারা যান। নিহত সৈন্যদের মধ্যে এক কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছে ডন নিউজ। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান-পাকিস্তান (টিটিপি)।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সেনা ঘাঁটিটির ‘স্পোর্টস এরিয়ায় আত্মঘাতী হামলাটি’ চালানো হয়েছে।
ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশানস (আইএসপিআর) সূত্রে খবর, এদিন হামলার শিকার হয় পাক আর্মির স্পোর্টস ইউনিট। বিস্ফোরণের পরপরই সোয়াতের ওই এলাকা ঘিরে ফেলা হয়।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ওই সন্ধ্যায় সামরিক ঘাঁটির বাইরে ভলিবল খেলছিল সৈন্যরা, এ সময় এক আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।
খেলাটি বেসামরিক লোকজনও দেখছিল এবং সেখানে অনেক লোক থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
আহতদের নিকটবর্তী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিটিপি বা পাকিস্তান তালেবানের মুখপাত্র মোহাম্মদ খুরাসানি বলেছেন, খোদার ইচ্ছায় তেহরিক ই তালেবান প্রতিশোধমূলক হামলা চালানো শুরু করেছে। অপেক্ষা করো, আরো হামলা আসছে।
পাকিস্তানের সামরিক বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করার আগে সোয়াত উপত্যকাটি টিটিপির আংশিক নিয়ন্ত্রণে ছিল। ২০০৯ সালে তাদের এলাকা ছাড়া করে পাকিস্তান সেনাবাহিনী। তারপর থেকে ওই এলাকাটিতে হামলার ঘটনা অনেক কমে এসেছিল।
সরকারি কর্মকর্তারা জানিয়েছে, সামরিক অভিযানে এলাকাটি থেকে দুই হাজারেরও বেশি টিটিপি যোদ্ধাকে হটিয়ে দেওয়া হয়েছিল।
বর্তমানে ওই এলাকাটির ঘাঁটিতে চার হাজারেরও বেশি পাকিস্তানি সৈন্য অবস্থান করছে।
সোয়াতকে বলা হয় পাকিস্তানের সুইজারল্যান্ড। গত ডিসেম্বরে এই সোয়াতেরই জাহন আবাদে সেনা অভিযানে খতম হয় দুই ‘ওয়ান্টেড’ সন্ত্রাসবাদী। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত এলাকাটি পাক তালেবানদের নিয়ন্ত্রণে ছিল।
হামলা আত্মঘাতী পাকিস্তানে সেনাক্যাম্পে ১১ সেনা নিহত 2018-02-04